২৯ মার্চ ২০২৬, রবিবার, ০৯:৪৭:৪৬ অপরাহ্ন
সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে বিপুল পরিমাণ ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম লুট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৩-২০২৬
সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে বিপুল পরিমাণ ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম লুট

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এসময় প্রধান ফটকের তালা ভেঙে জেনারেটর, সোলার সিস্টেমের ব্যাটারি, কয়েকটি সিলিং ফ্যান, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম এবং সরকারিভাবে সরবরাহ করা বিপুল পরিমাণ ওষুধ লুটের ঘটনা ঘটেছে।


রোববার (২৯ মার্চ) সকালে স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট মামুনুর রশিদ এই তথ্য জানান। এর আগে শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।


স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট মামুনুর রশিদ জানান, শনিবার বিকেলে কাজ শেষে তিনি কেন্দ্রে তালা লাগিয়ে বাড়িতে যান। পরদিন রোববার সকালে কেন্দ্রে এসে তিনি প্রধান ফটকসহ ভেতরের বিভিন্ন রুমের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। ভেতরে প্রবেশ করে দেখা যায়, আলমারি ও ড্রয়ারগুলো তছনছ করে মূল্যবান মালামাল নিয়ে গেছে। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে একটি জেনারেটর, সোলার সিস্টেমের ব্যাটারি, কয়েকটি সিলিং ফ্যান, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম এবং সরকারিভাবে সরবরাহ করা বিপুল পরিমাণ ওষুধ।


উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম তৌকীর আহমেদ জানান, চুরি হওয়া মালামালের একটি তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 


খালিয়াজুরী থানার রোববার ওসি মো. নাসির উদ্দিন দুপুরের দিকে জানান, চুরির বিষয়টি সম্পর্কে তিনি এখনো বিস্তারিত জানেন না। তবে দ্রুত খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।



শেয়ার করুন