বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসান-এর মা মমতাজ বেগম ইন্তেকাল করেছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে খুলনায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে শেখ মেহেদী হাসান ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের নিয়মিত মুখ শেখ মেহেদী চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ঘোষিত স্কোয়াডেও ছিলেন। তবে নিরাপত্তা ইস্যুতে শেষ পর্যন্ত ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পরবর্তীতে বিশ্বকাপে সুযোগ পায় স্কটল্যান্ড।
২০১৮ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে আন্তর্জাতিক অভিষেক হয় এই ডানহাতি অফস্পিনিং অলরাউন্ডারের। এখন পর্যন্ত ৭০ ম্যাচের ৬৮ ইনিংসে ২৪.০৫ গড়ে ৬৮ উইকেট নিয়েছেন তিনি, ওভারপ্রতি দিয়েছেন ৬.৭৩ রান। ব্যাট হাতে ৪৮ ইনিংসে ১১.৮৬ গড়ে ও ১০১.১৮ স্ট্রাইক রেটে করেছেন ৪২৭ রান।
২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। এই সংস্করণে ১১ ম্যাচে ৩১.১৪ গড়ে নিয়েছেন ১৪ উইকেট। ব্যাট হাতে করেছেন ১২২ রান, গড় ১৫.২৫।

