দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার নিয়ে দীর্ঘ ২২ সপ্তাহের কঠোর প্রশিক্ষন ও অধ্যবসায় শেষে নৌবাহিনীর গর্বিত সদস্য হিসেবে যুক্ত হলেন বি-২০২৬ ব্যাচের ৪৬৭ জন নবীন নাবিক।
রোববার সকাল ৮ টায় পটুয়াখালীর কলাপাড়া বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে শেষ হয়েছে বি-২০২৬ ব্যাচের বুটক্যাম্প প্রশিক্ষণ। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
নৌবাহিনীর বি-২০২৬ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে পেশাগত ও সকল বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষতা অর্জন করে সেরা চৌকস নাবিক হিসেবে মো. সেজান মাহমুদ ‘নৌপ্রধান পদক’ লাভ করেন। এছাড়া মো. মুজাহিদুল ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমডোর পদক’ এবং মো. শাকিল হাসান তৃতীয় স্থান অর্জন করে ‘শের-ই-বাংলা পদক’ লাভ করেন।
এ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন নাবিকরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হন এবং দেশ ও জাতির প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ গ্রহণ করেন।কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, বিশেষ করে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেনসহ সকল বীর মুক্তিযোদ্ধা ও নৌ-কমান্ডোদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর অগ্রযাত্রায় নৌসদস্যদের অকৃত্রিম দেশপ্রেম, নিরলস প্রচেষ্টা ও পেশাগত উৎকর্ষতা অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশের বিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি একটি শক্তিশালী ও সমৃদ্ধ নৌবাহিনী গড়ে তুলতে নবীন নাবিকরা অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
নৌবাহিনী প্রধান দেশের দক্ষিণাঞ্চলের পায়রা সমুদ্রবন্দরসহ উপকূলীয় এলাকার সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষায় বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। পাশাপাশি এ ঘাঁটি দক্ষ ও যোগ্য নাবিক তৈরির সূতিকাগার হিসেবে কাজ করছে বলেও তিনি জানান।এ সময় তিনি সততা, শৃঙ্খলা, আনুগত্য ও নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশসেবায় আত্মনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকার আহ্বান জানান।

