২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ০৮:০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ৩৯ হাজার কৃষক পেলেন ১২ কোটি টাকা
  • আপডেট করা হয়েছে : ২০-১০-২০২৬
প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ৩৯ হাজার কৃষক পেলেন ১২ কোটি টাকা

রাজশাহীতে জনসভায় যোগ দিয়ে এক ক্লিকেই প্রায় ৩৯ হাজার আখচাষির জন্য ১২ কোটি টাকার সরকারি প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে নগরের ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভার মঞ্চে বসে ল্যাপটপের বাটন চেপে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।


মুহূর্তের মধ্যেই কৃষকদের ব্যাংক হিসাবে প্রণোদনার অর্থ জমা হয়। মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে টাকা জমার খবর পান তারা।

প্রণোদনা বিতরণ কার্যক্রমের প্রথম পর্বে প্রধানমন্ত্রী বলেন, ‘৩৮ হাজার ৯৭০ কৃষককে ১২ কোটি টাকা প্রণোদনা দেওয়া হলো।’ পরে দেশের ১৫টি চিনিকল এলাকার ১৫ জন আখচাষির হাতে প্রতীকী চেক তুলে দেন তিনি।


প্রণোদনা বিতরণ শেষে জনসভার দ্বিতীয় পর্ব শুরু হয়। এ সময় বিএনপির সংসদ সদস্য ও দলীয় নেতারা বক্তব্য দেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।


প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজশাহী সফরে এসেছেন তারেক রহমান।


মঙ্গলবার বিকেল ৩টায় রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান তিনি। নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে পৌঁছানোয় সফরসূচিতে পরিবর্তন এনে সরাসরি নগরের ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভায় যোগ দেন। বিকেল সাড়ে ৩টার দিকে তিনি জনসভাস্থলে পৌঁছান। এতে বাদ পড়ে নগরীর গণকপাড়ায় রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন ও সার্কিট হাউসে মধ্যাহ্নবিরতির কর্মসূচি।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে গত কয়েক দিন ধরে রাজশাহী নগরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়।




শেয়ার করুন