২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৯:৫৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনি তরুণদের জন্য ফিফার ‘মিনি পিচ’
  • আপডেট করা হয়েছে : ২৪-০৯-২০২৬
ফিলিস্তিনি তরুণদের জন্য ফিফার ‘মিনি পিচ’

পশ্চিম তীরে তরুণদের জন্য নিরাপদ খেলার পরিবেশ নিশ্চিত করতে দুটি নতুন ‘ফিফা অ্যারেনা’ মিনি-পিচ বা মাঠের উদ্বোধন করেছে ফিফা। ফিলিস্তিনের মারাহ রাবাহ ও কুসিন এলাকায় স্থাপিত এই মাঠগুলো চলমান আঞ্চলিক সংকটের মধ্যে ফিলিস্তিনি শিশুদের নিরাপদে ফুটবল খেলার সুযোগ করে দেবে।


ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম গোলডটকম এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথ উদ্যোগে এবং সুইজারল্যান্ডের ফেডারেল ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্সের আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে মারাহ রাবাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের ঠিক বিপরীতে এবং উত্তর-পশ্চিম কুসিনে মাঠ দুটি নির্মাণ করা হয়েছে।


নতুন এই মাঠগুলোর উদ্বোধন উপলক্ষে ১৪টি স্থানীয় দলের অংশগ্রহণে শুরু হয়েছে ‘ইউনাইট ফর পিস: কিডস কাপ’ নামের একটি যুব টুর্নামেন্ট। এতে প্রায় ১৬০ জন শিশু অংশ নিচ্ছে। প্রতিযোগিতার পাশাপাশি এই উদ্যোগের মাধ্যমে শিশুদের মাঝে দলগত কাজ, পারস্পরিক শ্রদ্ধা এবং ফেয়ার প্লে’র মতো জীবনমুখী মূল্যবোধ ছড়িয়ে দেওয়া ফিফার ‘ইউনিট ফর পিস’ প্রচারণার মূল লক্ষ্য।



ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো এই উদ্যোগের বিষয়ে বলেন, অনিশ্চয়তা ও বিধিনিষেধের মধ্যে বসবাসকারী শিশুদের জন্য খেলাধুলা ও বন্ধুদের সাথে মিলিত হওয়ার একটি নিরাপদ স্থান থাকা অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক শান্তি দিবসকে সামনে রেখে এই মাঠগুলো ফিলিস্তিনের স্থানীয় সম্প্রদায়ের উপকারে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


এই দীর্ঘমেয়াদি প্রকল্পের আওতায় ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনকে প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জামও সরবরাহ করা হচ্ছে, যা দীর্ঘ সময় ধরে তরুণ ফুটবলারদের প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে।


সূত্র: গোলডটকম।


শেয়ার করুন