০৯ নভেম্বর ২০২৬, সোমবার, ১০:০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নতুন এক পৌরসভা, দুই থানা ও দুই অধিদপ্তরের প্রস্তাব
  • আপডেট করা হয়েছে : ০৯-১১-২০২৬
নতুন এক পৌরসভা, দুই থানা ও দুই অধিদপ্তরের প্রস্তাব

দেশে নতুন একটি পৌরসভা, দুটি থানা, একটি পুলিশ তদন্ত কেন্দ্র ও দুটি অধিদপ্তর গঠন হতে চলছে। একই সঙ্গে একটি থানার নামও পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।


আজ সোমবার সচিবালয়ে প্রাক-নিকার সচিব কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি। এ ছাড়া মুখ্য সচিবসহ প্রায় সব সচিবই উপস্থিত থাকবেন। সেখানে সাতটি প্রস্তাব উত্থাপনের জন্য চূড়ান্ত করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রাপ্ত প্রস্তাব থেকে জানা যায়, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে ‘বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরে’র প্রস্তাব করেছে আইন ও বিচার বিভাগ। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে (বাপাউবো) ‘বাংলাদেশ পানি উন্নয়ন অধিদপ্তরে’ রূপান্তরের প্রস্তাব করেছে পানিসম্পদ মন্ত্রণালয়। সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর পৌরসভা’ গঠনের প্রস্তাব করেছে স্থানীয় সরকার বিভাগ।


স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসা চারটি প্রস্তাব কার্যতালিকায় রাখা হয়েছে।


সেগুলো হলো—কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কনকাপৈত তদন্তকেন্দ্রকে থানায় উন্নীতকরণ, বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের প্রস্তাব, জয়পুরহাট জেলার কালাই থানার মাত্রাই ইউনিয়নের মাত্রাই বাজার নামক স্থানে ‘মাত্রাই বাজার পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন’ এবং ময়মনসিংহ জেলার নবসৃষ্ট উপজেলা দক্ষিণ গফরগাঁওয়ের নামের সঙ্গে মিল রেখে নতুন উপজেলার ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ নামকরণ।

জানা গেছে, নিকার (প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি) হচ্ছে সচিবদের নিয়ে গঠিত একটি কমিটি। বাংলাদেশে নতুন জেলা, উপজেলা, থানা, সিটি করপোরেশন, পৌরসভা গঠন কিংবা প্রশাসনিক সীমানা পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ প্রস্তাব নিকার বিবেচনা করে। আর প্রাক-নিকার সচিব কমিটির সভা বলতে বোঝায় নিকার বৈঠকের আগে অনুষ্ঠিত একটি প্রস্তুতিমূলক বা যাচাই-বাছাই সভা। তবে প্রাক-নিকার সচিব কমিটির সভায় কোনো প্রস্তাব অনুমোদনের সুপারিশ পেলেই সেটি চূড়ান্ত অনুমোদন নয়।


চূড়ান্ত সিদ্ধান্তের জন্য নিকারের অনুমোদন প্রয়োজন।

জানা যায়, জৈন্তাপুর পৌরসভা গঠনের লক্ষ্যে সিলেট-৪ আসনের এমপি ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী গত ২৫ ফেব্রুয়ারি ডিও (আধাসরকারি পত্র) দেন। নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়ন নিয়ে এই পৌরসভা হতে পারে। নানা প্রক্রিয়া শেষে এই প্রস্তাবটি প্রাক-নিকার বৈঠকে উঠছে।


পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন স্বাক্ষরিত এক সারসংক্ষেপ গত ১৫ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। সেখানে বলা হয়, পানি উন্নয়ন বোর্ড ৬৫ বছরের বেশি সময় ধরে পানিসম্পদ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সরকারি অন্যান্য প্রকৌশল সংস্থার মতো একই ধরনের সেবা প্রদান করলেও শুধু বোর্ড হওয়ার কারণে সংস্থাটি নানা প্রশাসনিক ও অর্থনৈতিক জটিলতার সম্মুখীন


হচ্ছে। সামাজিক সুরক্ষা ও মর্যাদাগত বৈষম্য থাকায় নিয়োগপ্রাপ্ত বেশির ভাগ প্রকৌশলী ও কর্মচারীদের ক্যাডার সার্ভিসভুক্ত বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার চাকরিতে আকৃষ্ট হওয়ার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। এতে বোর্ডের দক্ষতা ও ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে।


মন্ত্রণালয়ের সারসংক্ষেপে আরো বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার এবং অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে খাল খনন কর্মসূচি, জলবায়ু ঝুঁকি মোকাবেলা, কর্মসংস্থান সৃষ্টি, বিজ্ঞানভিত্তিক বৃক্ষরোপণ, বনাঞ্চল, জলাভূমি ও চারণভূমি সংরক্ষণ, ভূগর্ভস্থ পানি সংরক্ষণ, কৃষিজমির লবণাক্ততা দূরীকরণ এবং তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ বাস্তবায়ন কর্মসূচি গ্রহণ করেছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বাপাউবোর সংশ্লিষ্টতা রয়েছে।




শেয়ার করুন