১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০১:৩৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চলছে পে-স্কেলের আইনি যাচাই, শিগগিরই গেজেট
  • আপডেট করা হয়েছে : ০৯-০৯-২০২৬
চলছে পে-স্কেলের আইনি যাচাই, শিগগিরই গেজেট

সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রজ্ঞাপনের খসড়া রেজল্যুশন বাংলাদেশ সরকারি মুদ্রণালয় হয়ে অর্থ মন্ত্রণালয়ে পৌঁছানোর পর এখন আইন মন্ত্রণালয়ের ভেটিং বা আইনি যাচাইয়ের অধীনে রয়েছে। আইনি পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ার পর দ্রুতই এসআরও নম্বর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।


গত ২ সেপ্টেম্বর পে স্কেলের রেজল্যুশনটি বিজি প্রেসে পাঠানো হয়েছিল এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তা অর্থ মন্ত্রণালয়ে ফিরে আসে। বর্তমানে প্রজ্ঞাপনটি আইন মন্ত্রণালয়ে পর্যালোচনার মুখে রয়েছে। প্রশাসনিক ও আইনি আনুষ্ঠানিকতা শেষে খুব দ্রুতই আদেশ জারি করা হতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।


এর আগে গত ৩১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে নবম জাতীয় পে স্কেলের অনুমোদন দেওয়া হয়, যা ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।


নতুন বেতন কাঠামোতে নিম্ন ও উচ্চ উভয় গ্রেডেই মূল বেতন উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হয়েছে। তবে পুরো বর্ধিত বেতন একবারে কার্যকর না হয়ে ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে তিন ধাপে মূল বেতনের সঙ্গে যুক্ত হবে। যেমন—২০তম গ্রেডের বর্তমানের ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করা হয়েছে, যা তিন ধাপে মূল বেতন হবে যথাক্রমে ১৪,১২৫ টাকা, ১৭,০৬২.৫০ টাকা এবং ২০,০০০ টাকা। ১ম গ্রেডের মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫৬,০০০ টাকা করা হয়েছে, যার তিন ধাপে মূল বেতন দাঁড়াবে যথাক্রমে ১,০৯,২০০ টাকা, ১,৩২,৬০০ টাকা এবং ১,৫৬,০০০ টাকা। এছাড়া ৯ম গ্রেডের মূল বেতন ২২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪৪,০০০ টাকা করা হয়েছে, যার তিন ধাপে এই গ্রেডের বেসিক হবে যথাক্রমে ৩০,৮০০ টাকা, ৩৭,৪০০ টাকা এবং ৪৪,০০০ টাকা। ১০ম থেকে ২০তম গ্রেডের ক্ষেত্রে বর্ধিত অংশের অর্ধেক প্রথম ধাপে, এক-চতুর্থাংশ দ্বিতীয় ধাপে এবং বাকি এক-চতুর্থাংশ তৃতীয় ধাপে কার্যকর হবে। আর প্রথম থেকে নবম গ্রেডের ক্ষেত্রে বর্ধিত অংশের ৪০ শতাংশ, ৩০ শতাংশ ও ৩০ শতাংশ হারে তিন ধাপে নতুন বেসিক কার্যকর করা হবে।


নতুন পে স্কেলে মূল বেতন বা বেসিক বাড়লেও বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াতসহ বিভিন্ন ভাতা একই সময়ে কার্যকর হচ্ছে না। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন কাঠামোয় এসব ভাতা প্রদান করা হবে। নবম পে স্কেল বাস্তবায়নের ফলে বেতন, ভাতা ও পেনশন খাতে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয় বাড়বে। এর মাধ্যমে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগী মিলিয়ে প্রায় ৩৩ লাখ মানুষ নতুন এই সুবিধার আওতায় আসবেন। সরকারের রাজস্ব আদায়, মূল্যস্ফীতি এবং বাজেট ব্যবস্থাপনার ওপর যাতে অতিরিক্ত চাপ তৈরি না হয়, সে জন্যই ধাপে ধাপে এই বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


শেয়ার করুন