১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৩:০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নিজের নাম যুক্ত না হলে কেনেডি সেন্টার বন্ধ রাখার হুমকি ট্রাম্পের
  • আপডেট করা হয়েছে : ১৬-০৯-২০২৬
নিজের নাম যুক্ত না হলে কেনেডি সেন্টার বন্ধ রাখার হুমকি ট্রাম্পের

ওয়াশিংটনের বিখ্যাত শিল্পকলা প্রতিষ্ঠান কেনেডি সেন্টারের ভবনে নিজের নাম যুক্ত করা না হলে প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ রাখার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আরব নিউজের। 


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ফেডারেল বিচারক ক্রিস্টোফার কুপার কেনেডি সেন্টারের ভবনে ট্রাম্পের নাম যুক্ত করার উদ্যোগ আটকে দেওয়ার পর এ অবস্থান জানান তিনি। একই দিনে কেন্দ্রটির পরিচালনা পর্ষদ জরুরি সংস্কারের জন্য মূল ভবনটি তাৎক্ষণিক বন্ধ করার সিদ্ধান্ত নেয়। 


ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, তার মনোনীত পরিচালনা পর্ষদ প্রায় সর্বসম্মতভাবে সংস্কারের জন্য কেন্দ্রটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তবে নাম যুক্ত করার বিষয়ে আদালতের রায় বহাল থাকলে কেনেডি সেন্টারের পুনর্গঠন ও সংস্কারকাজ শুরু হবে না বলে জানান তিনি। 


অন্যদিকে, কেনেডি সেন্টার এক বিবৃতিতে জানায়, বোর্ডের সিদ্ধান্ত নিরাপত্তাকে সবার আগে রাখার বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরে এবং এটি একটি যুক্তিসংগত সিদ্ধান্ত। 


এর আগে কেনেডি সেন্টারের ভবন থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ দিয়েছিলেন বিচারক কুপার। মঙ্গলবারের নতুন রায়ে তিনি বলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া কেনেডি সেন্টারের পরিচালনা পর্ষদ ট্রাম্প বা অন্য কারও নামে কোনো স্মারক স্থাপন করতে পারবে না। 


বিচারকের এই রায় এসেছে পরিচালনা পর্ষদ ভবনের বাইরে ট্রাম্পের নাম যুক্ত করে তার সংস্কারকাজের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়ার পর। আদালত ওই উদ্যোগকে আগের আদেশ ও কংগ্রেসের প্রণীত আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করেছে। 


ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজেকে কেনেডি সেন্টারের বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। প্রতিষ্ঠানটি প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ. কেনেডির নামে প্রতিষ্ঠিত। ১৯৬৩ সালে আততায়ীর গুলিতে নিহত হওয়ার আগে কেনেডি নাগরিক অধিকার প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছিলেন। 


শেয়ার করুন