বাল্যবিবাহ বন্ধ করি, নারী ও কন্যাশিশুর অধিকারে বিনিয়োগ করি’—এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার সকাল ১০টায় সোনাতলা উপজেলা পরিষদ চত্বরে নেটজ বাংলাদেশের সহযোগিতায় এবং পল্লীশ্রী সংস্থার হোপ প্রকল্পের আয়োজনে এ প্রচারাভিযান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোপ প্রকল্পের প্রকল্প পরিচালক শামসুন নাহার।
প্রচারাভিযানে সোনাতলা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, নাগরিক সমাজ সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ জাতীয় প্রচারাভিযানের আয়োজন করা হয়।

