২৪ অক্টোবর ২০২৬, শনিবার, ০৪:০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট করা হয়েছে : ২৪-১০-২০২৬
মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। তবে ঘটনার সময় গাড়িতে ছিলেন না তিনি। এ ঘটনায় কেউ হতাহত হননি।


শনিবার (২৪ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ জানায়, বিশাল সেন্টার মার্কেটের নিচে পার্কিংয়ে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িটি রাখা ছিল। ভোরে সিএনজিচালিত অটোরিকশায় করে আসা অজ্ঞাতনামা এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে একটি গুলি ছোড়েন। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলে যায়।


পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় আসিফ আকবর বিশাল সেন্টারের তৃতীয় তলায় তাঁর নিজস্ব কার্যালয়ে ছিলেন। পরে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়।


হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, কে বা কারা এবং কী উদ্দেশ্যে গুলি চালিয়েছে, তা এখনো জানা যায়নি। জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।


এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।



শেয়ার করুন