২২ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৪৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রুয়েটের বাসে থাকা প্রধানমন্ত্রীকে নিয়ে ‘স্নাইপারের অভাব’ মন্তব্য, সেই যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট করা হয়েছে : ২২-১০-২০২৬
রুয়েটের বাসে থাকা প্রধানমন্ত্রীকে নিয়ে ‘স্নাইপারের অভাব’ মন্তব্য, সেই যুবক গ্রেফতার

প্রধানমন্ত্রীর গাড়িবহর নিয়ে কটূক্তি করায় রাজশাহীতে আবু বকর সিদ্দিক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

 


রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. গাজিউর রহমান জানান, মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ, এসআরবি ও অন্যান্য সংশ্লিষ্ট ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় আবু বকরকে গ্রেপ্তার করা হয়েছে।

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর আবু বকরকে ঢাকায় নেওয়া হয়েছে।

 

ঘটনার সূত্রপাত গত ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে। ওই দিন বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানবন্দর থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন তিনি। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষকে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন প্রধানমন্ত্রী।

 

প্রধানমন্ত্রীর যাতায়াতে ব্যবহৃত বাসের ছবি ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশ করা হয়। ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’ মন্তব্যটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়।

 

পরে ওই মন্তব্যের সূত্র ধরে সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এ ঘটনায় তাঁর বিরুদ্ধে কী কী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।



শেয়ার করুন