১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০২:০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • আপডেট করা হয়েছে : ১৩-০৯-২০২৬
সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

দক্ষিণ সৌদি আরবের একটি সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। রোববার ভোরে এ হামলা চালানোর দাবি করে গোষ্ঠীটি।




সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, দক্ষিণ সৌদির শারুরাহ সামরিক ঘাঁটি ছিল হামলার লক্ষ্য। সেখানে অস্ত্রের গুদাম এবং কমান্ড ও নিয়ন্ত্রণকক্ষ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।



ইয়াহিয়া সারি বলেন, হামলায় বিপুলসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। এসব হামলা লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলেও দাবি করেন তিনি।



হুতিদের মুখপাত্রের ভাষ্য, ইয়েমেনে সৌদি আরবের অব্যাহত হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে। সৌদি হামলা অব্যাহত থাকলে দেশটির আরও গভীরে বড় ধরনের হামলা চালানো হবে বলেও সতর্ক করেন তিনি।



তবে হুতিদের এই দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি।



এর আগে শনিবার সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছিল, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান অঞ্চলের আল-তুওয়াল গভর্নরেটে একটি গোলা আঘাত হানে। এতে দুইজন আহত হন। গোলার আঘাতে একটি মসজিদ, কয়েকটি ভবন ও যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়।



জুলাই থেকে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে সংঘাত তীব্র হওয়ার পর সাম্প্রতিক দিনগুলোতে দেশটির নিয়ন্ত্রণের মানচিত্রেও পরিবর্তন এসেছে। এর আগে কয়েক বছর দেশটিতে তুলনামূলক শান্ত পরিস্থিতি ছিল।



হুতিদের দাবি অনুযায়ী, তারা এখন পশ্চিমাঞ্চলীয় আল-হুদাইদাহ প্রদেশের পুরো নিয়ন্ত্রণে রয়েছে। পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে অগ্রসর হওয়ার পাশাপাশি তারা উপকূলীয় শহর মোখা ও সেখানকার লোহিত সাগরের বন্দর দখল করেছে।



হুতিদের এই অগ্রযাত্রার ফলে তারা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দাব প্রণালির কাছাকাছি পৌঁছে গেছে।



অন্যদিকে সৌদি সীমান্তবর্তী উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে অগ্রগতি অর্জন করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। তারা প্রাদেশিক রাজধানী আল-হাজমের কাছাকাছি পৌঁছেছে। মারিব, আল-বাইদা ও আল-দালি প্রদেশের বিভিন্ন রণক্ষেত্রেও সংঘর্ষ অব্যাহত রয়েছে।



২০১৪ সালে হুতিরা রাজধানী সানা ও কয়েকটি প্রদেশ দখল করার পর থেকেই ইয়েমেনে সংঘাত চলছে। ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন আরব জোট দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে।


শেয়ার করুন