২৩ অগাস্ট ২০২৬, রবিবার, ০২:২৭:৫৩ পূর্বাহ্ন
বালাসী ঘাটে সেতুর দাবিতে বাবা-ছেলের পদযাত্রায় আজকের অবস্থান রাজশাহী সর্কিট হাউস
নিউজ ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২২-০৮-২০২৬
বালাসী ঘাটে সেতুর দাবিতে বাবা-ছেলের পদযাত্রায় আজকের অবস্থান রাজশাহী সর্কিট হাউস


আলোকিত বাংলার স্বপ্ন যাত্রা, আমরা করব জয়"—এই দৃপ্ত স্লোগানকে বুকে ধারণ করে গাইবান্ধাবাসীর প্রাণের দাবি বালাসী ঘাটে যমুনা সেতু নির্মাণের লক্ষ্যে রাজপথে নেমেছেন এক অনন্য বাবা-ছেলে। 


অদম্য মনোবল ও গণসচেতনতা তৈরির উদ্দেশ্যে গত ১৬ আগস্ট ২০২৬ তারিখে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রাজা বিরাট বাজার থেকে তাঁদের দীর্ঘ পদযাত্রা শুরু হয়। গাইবান্ধা থেকে নওগাঁ জয়পুর হাট হয়ে পায়ে হেঁটে চাঁপাইনবাবগঞ্জ অতিক্রম করে  ৭৫তম মিশনে বর্তমানে তাঁরা রাজশাহীর পথে। রাতে তারা রাজশাহী  জেলা সার্কিট হাউসে  অবস্থান করবেন বলে জানাগেছে এবং আগামীকাল নাটোর হয়ে পাবনার উদ্দেশ্যে রওনা হবেন।


রাজা বিরাট থেকে শুরু হওয়া এই পদযাত্রাটি জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, বেনাপোল স্থলবন্দর, সাতক্ষীরা স্থলবন্দর, খুলনা, নড়াইল, গোপালগঞ্জ, ফরিদপুর ও পদ্মা সেতু অতিক্রম করে শেষ পর্যন্ত রাজধানী ঢাকায় পৌঁছাবে। দীর্ঘ এই সফর শেষে পদযাত্রী বাবা-ছেলে ঢাকার সেতু ভবনে উপস্থিত হয়ে সরকারের কাছে গাইবান্ধাবাসীর প্রাণের দাবিটি সরাসরি উত্থাপন করবেন এবং একটি স্মারকলিপি প্রদান করবেন।


ইতপূর্বে ৭৪টি পৃথক মিশনে মোট ৩,২৭৩ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করা এই দূরদর্শী বাবা-ছেলে পুরো গাইবান্ধাবাসীসহ দেশবাসীর প্রতি আকুল আহ্বান জানিয়েছেন। তাঁরা অনুরোধ করেছেন যেন সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে এই আন্দোলনের খবর ছড়িয়ে দেন এবং একাত্মতা প্রকাশ করেন। পাশাপাশি নির্ধারিত রুটের শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষকে তাঁদের সাথে দেখা করার এবং সেতু নির্মাণের দাবিতে কিছুদূর হেঁটে সংহতি জানানোর উন্মুক্ত আমন্ত্রণ জানানো হয়েছে। গাইবান্ধার এই জনদাবি যেন সরকারের সুদৃশ্যে আসে এবং দ্রুত বাস্তবে রূপ নেয়, সেজন্য তাঁরা সকলের কাছে দোয়া কামনা করেছেন।

শেয়ার করুন