রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম অভিযান চালিয়ে ১,০৪৪ পিস ট্যাপেন্টাডল, ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনের বিরুদ্ধেই রয়েছে ১৭টি মাদক মামলা। মঙ্গলবার ১১ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে রাজপাড়া থানার লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আরএমপি সূত্রে জানা গেছে, বিশেষ মাদকবিরোধী টিম গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া গ্রামের মোছা. জলি বেগমের (৪৪) বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় জলি এবং একই গ্রামের মোছা. মিনা বেগমকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
জলি ওই এলাকার মো. রফিকুল ইসলামের স্ত্রী ও বাদলের মেয়ে। আর মিনা একই গ্রামের মো. জয়দুল ইসলামের স্ত্রী ও মৃত আজগর আলীর মেয়ে। পরে জলির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১,০৪ পিস ট্যাপেন্টাডল, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট , ৪.৮ গ্রাম হেরোইন এবং ১ কেজি ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ৩৭ হাজার ১৫০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ জানায়, আসামি জলি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরএমপির রাজপাড়া থানায় পূর্বের ১৭টি মাদক মামলা রয়েছে। এসব মামলায় তাকে যথাক্রমে ১৫ জানুয়ারি ২০১৮; ১৯ মার্চ ২০১৮; ০৬ অক্টোবর ২০১৯; ২৯ আগস্ট ২০২০; ১৮ ডিসেম্বর ২০২০; ৩০ জানুয়ারি ২০২১; ২৪ ফেব্রুয়ারি ২০২২; ১৪ এপ্রিল ২০২২; ১১ মে ২০২২; ০২ জুন ২০২২; ২১ জুন ২০২২; ১৪ সেপ্টেম্বর ২০২২; ২০ মে ২০২৩; ১৬ মার্চ ২০২৪; ০১ অক্টোবর ২০২৪; ২৪ মে ২০২৫ এবং ২৮ জুন ২০২৬ তারিখে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া আসামি মিনার বিরুদ্ধেও পূর্বের ২টি মাদক মামলা রয়েছে। এসব মামলায় তাকে যথাক্রমে ০৬ ডিসেম্বর ২০১৬ এবং ২৩ সেপ্টেম্বর ২০২১ তারিখে গ্রেপ্তার করা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে, মিনা দীর্ঘদিন ধরে জলির সহযোগী হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।