রাষ্ট্রপতির পদ থেকে বিদায়ের ঘোষণা দেওয়ার পর মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে রাজধানীর গুলশানের একটি বাসায় প্রস্তুতি শুরু হয়েছে। সেখানে নতুন টেলিফোন সংযোগ দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছে একটি গণমাধ্যম।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৪ জুলাই) বিকেলে গুলশানের ১২৩ নম্বর সড়কের ‘গ্রিন ভিলা’ ভবনে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) দুই কর্মী নতুন টেলিফোন সংযোগ দিতে যান। ভবনটির নিরাপত্তাকর্মী মো. মাছুম জানান, তিন-চার দিন আগে মো. সাহাবুদ্দিন সেখানে এসেছিলেন। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। এরই মধ্যে বাসার বিভিন্ন প্রস্তুতিমূলক কাজও সম্পন্ন হয়েছে এবং সেখানে বিশেষ শাখার (এসবি) কয়েকজন সদস্য দায়িত্ব পালন করছেন।
বিটিসিএলের টেলিকমিউনিকেশন মেকানিক আব্দুর রাজ্জাক বলেন, সরকারি নির্দেশে নতুন টেলিফোন লাইন স্থাপন করা হচ্ছে। রাষ্ট্রপতি পদ ছাড়ার পর মো. সাহাবুদ্দিন এই বাসায় উঠবেন বলে তাদের জানানো হয়েছে। রাষ্ট্রপতি হওয়ার পর আগের সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছিল বলেও জানান তিনি।
এর আগে শুক্রবার বিকেলে মো. সাহাবুদ্দিন পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, 'এটা তো সর্বজনবিদিত, আমার মুখ থেকে শুনে কী লাভ? আই অ্যাম সিক, সো ইট ইজ ডান।'
এদিকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগ পত্র গ্রহন করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এর আগে চিকিৎসার জন্য থাইল্যান্ড সফরে থাকা স্পিকার নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরেন।
তথ্যসূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

