১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৫:২৫:৪৫ পূর্বাহ্ন
তদন্তে গিয়ে নারীর সঙ্গে অসদাচরণ, এসআই প্রত্যাহার
  • আপডেট করা হয়েছে : ১৩-০৭-২০২৬
তদন্তে গিয়ে নারীর সঙ্গে অসদাচরণ, এসআই প্রত্যাহার

তদন্ত কাজে গিয়ে এক নারীর সঙ্গে অসদাচরণের অভিযোগে বগুড়ার ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমানকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। বগুড়া জেলা পুলিশ সুপার মীর্জা সায়ে মাহমুদ রবিবার (১২ জুলাই) তাকে প্রত্যাহারের এই আদেশ দেন।


থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুন ধুনট উপজেলার জোড়শিমুল গ্রামের এক নারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ ছিল ছেলেকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নামে মোটা অঙ্কের টাকা নিলেও চুক্তি অনুযায়ী কাজ দেয়নি একটি মানবপাচার চক্র। ওই অভিযোগটির তদন্তের দায়িত্ব পান এসআই মোস্তাফিজার রহমান।


তদন্তের অংশ হিসেবে এসআই মোস্তাফিজার কয়েকবার ওই নারীর বাড়িতে যান। এরপরই অভিযোগ ওঠে, তদন্ত চলাকালে তিনি অভিযোগকারীর প্রবাসী ছেলের স্ত্রীর সঙ্গে অনুচিত ও আপত্তিকর আচরণ করেছেন।


বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্তের দায়িত্ব পান ধুনট থানার পরিদর্শক (তদন্ত) শুকুর আলী। তদন্ত চলাকালীন এসআই মোস্তাফিজার ও ভুক্তভোগী ওই নারীর মোবাইল ফোনে কথোপকথনের একটি অডিও রেকর্ড উদ্ধার করা হয়। গত ১০ জুলাই তদন্ত কর্মকর্তা পুলিশ সুপারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন।


তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় গত ১২ জুলাই এসআই মোস্তাফিজার রহমানকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়।


ধুনট থানার পরিদর্শক (তদন্ত) শুকুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "পুলিশ লাইনসে সংযুক্তির আদেশ পাওয়ার পর তাকে (এসআই মোস্তাফিজার) থানা থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।"

শেয়ার করুন