১২ জুলাই ২০২৬, রবিবার, ০৭:১৯:২৪ অপরাহ্ন
টানা বৃষ্টি কতদিন স্থায়ী হবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
  • আপডেট করা হয়েছে : ১২-০৭-২০২৬
টানা বৃষ্টি কতদিন স্থায়ী হবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরে চলা টানা বৃষ্টি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে ধীরে ধীরে বৃষ্টির তীব্রতা কমে আসবে এবং মঙ্গলবার (১৪ জুলাই) থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।


আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। গত কয়েক দিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। যদিও গত ২৪ ঘণ্টায় ওই দুই অঞ্চলে বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে, তবুও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা এখনো অব্যাহত রয়েছে।


আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।



তিনি বলেন, রোববার ও সোমবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে।


টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাশাপাশি অন্তত সাত জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।


সংস্থাটির তথ্য অনুযায়ী, চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনাসহ উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বেড়ে রংপুর অঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতির উন্নতি শুরু হলেও আগামী দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে ছাতা সঙ্গে রেখেই চলাফেরা করতে হবে। বিশেষ করে ভারী বৃষ্টিপ্রবণ এলাকায় প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ স্থানে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।


শেয়ার করুন