১১ জুলাই ২০২৬, শনিবার, ১২:৩১:২৫ অপরাহ্ন
ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তাহলে সেটা স্পেন: ইয়ামাল
  • আপডেট করা হয়েছে : ১১-০৭-২০২৬
ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তাহলে সেটা স্পেন: ইয়ামাল

বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার আগে ফ্রান্সকে সতর্ক করে দিয়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। তার দাবি, স্পেনকে ভয় পাওয়া উচিত ফ্রান্সের। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জুলাই) যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটনে বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স।


শুক্রবার বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় স্পেন। ম্যাচের ৮৮তম মিনিটে গোল করে দলকে জয় এনে দেন মিকেল মেরিনো। এর আগে বৃহস্পতিবার মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফ্রান্স।


গত তিন বছরে এটি হবে স্পেন ও ফ্রান্সের তৃতীয় মুখোমুখি লড়াই। এর আগে ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল এবং ২০২৫ সালের উয়েফা নেশনস লিগে ফ্রান্সকে হারিয়েছিল স্পেন।


ক্যালিফোর্নিয়ার ইনগেলউডে সোফাই স্টেডিয়ামে বেলজিয়ামের বিপক্ষে জয়ের পর সাংবাদিকদের ইয়ামাল বলেন, ‘ফ্রান্স যদি কাউকে ভয় পাওয়ার মতো কোনো দল মনে করে, তাহলে সেই দলটি আমরা। আমরা তাদের আগে বিদায় করেছি। আমরা তাদের দুইবার হারিয়েছি। সত্যি বলতে, আমার মনে হয় এই বিশ্বকাপের সেরা দুটি দল আমরা ও ফ্রান্স। এখন দেখা যাক কী হয়, তবে আমাদের কোনো ভয় নেই।’


এটি হবে বিশ্বকাপে স্পেনের ইতিহাসের দ্বিতীয় সেমিফাইনাল। ২০১০ সালে শিরোপা জয়ের পর এই প্রথম তারা শেষ চারে উঠেছে। অন্যদিকে, ২০১৮ সালে চ্যাম্পিয়ন হওয়া এবং চার বছর আগে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে রানার্সআপ হওয়ার পর টানা তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালে উঠতে চাইছে ফ্রান্স।


স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, ‘পরবর্তী ম্যাচ নিয়ে প্রত্যাশা অনেক বেশি। আমরা এই ম্যাচের দিকেই মনোযোগ দিচ্ছি এবং আমাদের প্রতিপক্ষের সামর্থ্য সম্পর্কে ভালোভাবেই জানি। তবে এটাও পরিষ্কার যে, আমরা ফ্রান্সকে হারাতে সক্ষম।’


তিনি আরও বলেন, ‘আমাদের মানসম্পন্ন খেলোয়াড় আছে এবং এটি আবারও একটি সেমিফাইনাল। এর আগে আমরা তাদের বিপক্ষে সেমিফাইনাল খেলেছি এবং সফল হয়েছি। ম্যাচটি খুব কঠিন হবে। এটি হবে শক্তি ও গতির লড়াই। আমাদের নিজেদের সেরা রূপে খেলতে হবে।’


ফ্রান্সের মতো স্পেনও বিশ্বকাপ শুরুর আগে অন্যতম ফেবারিট দল হিসেবে বিবেচিত হয়েছিল। তবে শেষ চারে উঠলেও এখন পর্যন্ত তারা নিজেদের সেরা ছন্দ পুরোপুরি খুঁজে পায়নি।


বিশ্বকাপে তাদের যাত্রা শুরু হয়েছিল কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে। এরপর সৌদি আরব ও উরুগুয়ের বিপক্ষে জয়ে নকআউট পর্ব নিশ্চিত করে স্পেন।


অস্ট্রিয়াকে সহজে হারালেও পরের দুই ম্যাচে পর্তুগাল ও বেলজিয়ামের বিপক্ষে জিততে তাদের শেষ মুহূর্তের গোলের প্রয়োজন হয়। দুই ম্যাচেই আর্সেনালের খেলোয়াড় মিকেল মেরিনো জয়সূচক গোল করেন।


হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে বিশ্বকাপের শেষ পর্বে ফিরেছেন ইয়ামাল। তার মতে, প্রতিপক্ষ দলগুলো স্পেনের বিপক্ষে রক্ষণাত্মক কৌশল নেওয়ায় তাদের নিজেদের সেরা খেলা দেখানো কঠিন হয়ে পড়ে।


ইয়ামাল বলেন, ‘দেখে মনে হতে পারে আমরা দারুণ খেলছি না, কিন্তু আমাদের বিপক্ষে প্রতিটি দলই রক্ষণাত্মকভাবে খেলে।’


তিনি আরও বলেন, ‘কেউই আমাদের সঙ্গে সমানে সমান লড়াই করতে আসেনি। কিন্তু শেষ পর্যন্ত আজও আমরা জয় পেয়েছি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’


‘সেমিফাইনালে উঠতে পেরে আমরা খুব খুশি। আমরা অনেক দিন ধরে এখানে আছি এবং এখন ফাইনাল পর্যন্ত থাকতে চাই,’ যোগ করেন লামিন ইয়ামাল।


বার্সেলোনার এই উইঙ্গারের বয়স সোমবার ১৯ বছরে পূর্ণ হবে। এখন পর্যন্ত বিশ্বকাপে ছয় ম্যাচে এক গোল করেছেন তিনি।


শেয়ার করুন