১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৯:১৬:৫৬ অপরাহ্ন
পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত
  • আপডেট করা হয়েছে : ১৮-০৬-২০২৬
পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

নবম পে-স্কেল বাস্তবায়নের রূপরেখা ও বাস্তবায়ন কৌশল চূড়ান্ত করতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নতুন এ পে-স্কেল দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আরও কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হবে। এ ধারাবাহিকতার পরবর্তী বৈঠক আগামী ২৪ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।


বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


সংশ্লিষ্টদের তথ্যমতে, সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে পুনর্গঠিত সচিব কমিটির এ বৈঠকে জাতীয় বেতন কমিশনের সুপারিশ, সচিব কমিটির পর্যবেক্ষণ, জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রস্তাব এবং সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো-সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা হয়েছে।



পে-স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে বলে জানা গেছে। জুলাই থেকে ধাপে ধাপে পে-স্কেল বাস্তবায়ন হবে। তবে বর্ধিত বেতনের অর্থ হাতে পেতে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।



পে-কমিশনের সুপারিশ অনুযায়ী, বর্তমানে প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা। ৫০ শতাংশ বৃদ্ধি পেলে তা দাঁড়াবে ১ লাখ ১৭ হাজার টাকায়। দ্বিতীয় গ্রেডের বেতন ৬৬ হাজার থেকে বেড়ে সর্বোচ্চ ১ লাখ ১৪ হাজার ৭৩৫ টাকা এবং তৃতীয় গ্রেডের বেতন সর্বোচ্চ ১ লাখ ১১ হাজার ৬০০ টাকায় উন্নীত হতে পারে।


এ ছাড়া চতুর্থ থেকে দশম গ্রেড পর্যন্ত সব স্তরেই মূল বেতনে ৫০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব রয়েছে। এর ফলে দশম গ্রেডের বেতন ১৬ হাজার থেকে বেড়ে ২৪ হাজার টাকা এবং সর্বোচ্চ ধাপে ৫৭ হাজার ৯৬০ টাকায় পৌঁছাবে।


অন্যদিকে, ১১তম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের জন্য মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধির পাশাপাশি শতভাগ বৃদ্ধির একটি প্রস্তাব নিয়েও আলোচনা চলছে। যদি শতভাগ বেতন বৃদ্ধি কার্যকর হয়, তাহলে ১১তম গ্রেডের বেতন ১২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ২৫ হাজার টাকা এবং ২০তম গ্রেডের বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ১৬ হাজার ৫০০ টাকায় উন্নীত হবে।


সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবির পর নবম পে-স্কেল বাস্তবায়নের বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে বিশেষ সুবিধা মূল বেতনের সঙ্গে সমন্বয়ের কারণে ঘোষিত বেতন বৃদ্ধির পুরো সুবিধা সরাসরি অতিরিক্ত অর্থ হিসেবে হাতে নাও আসতে পারে বলে জানা গেছে।


শেয়ার করুন