২৪ মে ২০২৬, রবিবার, ১১:১১:৪৫ পূর্বাহ্ন
ইরানের এক দেশে খেলা, অন্য দেশে অনুশীলন
  • আপডেট করা হয়েছে : ২৪-০৫-২০২৬
ইরানের এক দেশে খেলা, অন্য দেশে অনুশীলন

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে ইরানের আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা দূর হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ীই টুর্নামেন্টে খেলবে দেশটি। ইরানের সব ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে, তবে দলটির অনুশীলন ক্যাম্প থাকবে সহ-আয়োজক দেশ মেক্সিকোতে।


শনিবার ইরানের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জানিয়েছেন, বিশ্বকাপ উপলক্ষে দলের প্রশিক্ষণ ঘাঁটি যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার অনুমোদন দিয়েছে ফিফা। টুর্নামেন্ট চলাকালে অংশগ্রহণকারী দলগুলো ম্যাচের আগে ও পরে নিজ নিজ ক্যাম্পে অনুশীলন কার্যক্রম পরিচালনা করবে।


ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ ফেডারেশনের গণমাধ্যম কর্মকর্তার মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ সিদ্ধান্তের তথ্য জানান। তবে প্রশিক্ষণ ঘাঁটি পরিবর্তনের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ফিফা।


ফেডারেশন জানিয়েছে, সান ডিয়েগোর ঠিক দক্ষিণে মেক্সিকোর তিজুয়ানায় তাঁবু বসাবে তাদের দল। তাজ এক বিবৃতিতে জানান, ‘বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দেশগুলোর সব দলের বেস ক্যাম্প অবশ্যই ফিফার অনুমোদিত হতে হবে। সৌভাগ্যবশত, আমাদের অনুরোধের প্রেক্ষিতে এবং ইস্তানবুলে ফিফা ও বিশ্বকাপ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর, পাশাপাশি গতকাল তেহরানে ফিফা মহাসচিবের সঙ্গে ওয়েবিনার বৈঠক শেষে যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে দলের  ঘাঁটি সরিয়ে নেওয়ার অনুরোধ অনুমোদিত হয়েছে।’


ইরান ‘জি’ গ্রুপের ম্যাচ খেলবে ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে। এই ভেন্যুতে ১৫ ও ২১ জুন তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও বেলজিয়াম। তারপর ২৬ জুন ওয়াশিংটনের সিয়াটলে মিসরের মুখোমুখি হবে ইরান।


দেশটির ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বেস ক্যাম্প মেক্সিকোতে স্থানান্তরের ফলে সম্ভাব্য ভিসা-সংক্রান্ত জটিলতাও অনেকটা কাটবে। ফেডারেশনের সভাপতি আরও বলেন, দলটি ইরান এয়ার ফ্লাইটে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে যাতায়াত করবে।


আসন্ন আসরটি হবে ইরানের টানা চতুর্থ এবং সব মিলিয়ে সপ্তম বিশ্বকাপ অংশগ্রহণ। তবে এখন পর্যন্ত বিশ্বকাপ ইতিহাসে একবারও প্রথম রাউন্ডের গণ্ডি পেরোতে পারেনি দলটি।


শেয়ার করুন