১৪ মে ২০২৬, বৃহস্পতিবার, ১০:৩৮:৩২ পূর্বাহ্ন
মুখ্যমন্ত্রী হয়েই তৃষাকে ঘিরে আলোচনায় বিজয়ের নতুন সিদ্ধান্ত
  • আপডেট করা হয়েছে : ১৪-০৫-২০২৬
মুখ্যমন্ত্রী হয়েই তৃষাকে ঘিরে আলোচনায় বিজয়ের নতুন সিদ্ধান্ত

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক সিদ্ধান্তে আলোচনায় রয়েছেন অভিনেতা থালাপতি বিজয়। এবার অভিনেতা সুরিয়া ও তৃষা কৃষ্ণন অভিনীত নতুন সিনেমা ‘কারুপ্পু’র জন্য সকাল ৯টার প্রথম প্রদর্শনীর বিশেষ অনুমতি দিয়ে নতুন করে আলোচনায় এলেন তিনি।



সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দেশজুড়ে অগ্রিম টিকিট বিক্রি থেকে প্রায় ৪ কোটি ৪৫ লাখ রুপি আয় হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টায় সিনেমাটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।


নির্মাতা প্রতিষ্ঠান ড্রিম ওয়ারিয়র পিকচার্স সামাজিক মাধ্যমে এ অনুমতির বিষয়টি নিশ্চিত করে। পাশাপাশি মুখ্যমন্ত্রী বিজয়ের কার্যালয়ে কাজ করার একটি ছবিও প্রকাশ করা হয়। পরিচালক ও অভিনেতা আরজে বালাজিও বিষয়টি অনলাইনে শেয়ার করলে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।


সিনেমাটিতে আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন আরজে বালাজি। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তৃষা কৃষ্ণন। জানা গেছে, সিনেমায় সুরিয়াকে ‘কারুপ্পুস্বামী’ চরিত্রে দেখা যাবে। প্রায় দুই দশক পর আবারও একসঙ্গে কাজ করছেন সুরিয়া ও তৃষা। এর আগে তারা ‘আরু’ সিনেমায় জুটি বেঁধেছিলেন।



২০২৩ সালে কয়েকটি বড় বাজেটের সিনেমাকে ঘিরে বিশৃঙ্খলার পর তামিলনাড়ুতে ভোরবেলার শো নিয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছিল। পরে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা গেলেও কঠোরতা বহাল ছিল। সেই প্রেক্ষাপটে বিজয়ের এই সিদ্ধান্তকে অনেকে নীতিগত পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন।


এর মধ্যেই সামাজিক মাধ্যমে বিজয় ও তৃষার সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। যদিও দুজনই বারবার জানিয়েছেন তারা শুধুই ভালো বন্ধু, তবুও সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাওয়ায় আলোচনা আরও জোরালো হয়েছে।


শেয়ার করুন