যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে। দাফনের জন্য গ্রামের বাড়ি মাদারীপুরের সদর উপজেলার চর গোবিন্দপুরে খোঁড়া হচ্ছে কবর।
শনিবার (৯ মে) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে বৃষ্টির মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দরে সব কার্যক্রম শেষে দুপুরের দিকে অ্যাম্বুলেন্সে গ্রামে বাড়ির উদ্দেশে রওনা দেওয়া হবে। সবকিছু ঠিক থাকলে বিকেল ৩টার মধ্যে মরদেহ বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে।
খবর পেয়ে বৃষ্টিকে শেষবারের মতো একনজর দেখতে সকাল থেকে বাড়িতে ভিড় জমাতে শুরু করেছেন স্বজন, বন্ধু ও এলাকাবাসী।
স্বজনরা জানান, কবর খোঁড়ার কাজ চলছে। আসর নামাজের পর চর গোবিন্দপুর উচ্চবিদ্যালয় মাঠে বৃষ্টির জানাজা হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

