২৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ০৭:২৫:৪৯ অপরাহ্ন
শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশের ঝুলিতে ২৬৫ রান
  • আপডেট করা হয়েছে : ২৩-০৪-২০২৬
শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশের ঝুলিতে ২৬৫ রান

চট্টগ্রামের সাগরিকায় শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মাত্র ৩২ রানেই হারায় তিন টপ অর্ডার ব্যাটারকে। তবে সেই ধাক্কা সামলে দলকে ঘুরে দাঁড়ানোর পথ দেখান নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস।



দুজনের মধ্যে গড়ে ওঠা ১৬২ রানের দারুণ জুটিতে ম্যাচে ফেরে টাইগাররা। লিটন দাস হাফ সেঞ্চুরি তুলে শেষ পর্যন্ত ৭৬ রানে থামেন। অন্যদিকে শান্ত খেলেন দায়িত্বশীল ইনিংস, তুলে নেন নিজের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি। তার ব্যাট থামে ১০৫ রানে।


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ।


ইনিংসের শুরুটা ছিল হতাশাজনক। সাইফ হাসান (০), তানজিদ হাসান তামিম (১) এবং সৌম্য সরকার (১৮) দ্রুত বিদায় নিলে চাপে পড়ে দল। কিউই পেসার উইল ও’রুরকি শুরুতেই আঘাত হানেন।


এরপরই পাল্টা জবাব দেন শান্ত ও লিটন। তাদের জুটি ভাঙতে সফরকারী বোলারদের অপেক্ষা করতে হয় ৩৯তম ওভার পর্যন্ত। জেইডেন লিনক্স লিটনকে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন। লিটনের ৯১ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছক্কা।



একই বোলারের বলে ৪৩তম ওভারে সাজঘরে ফেরেন শান্ত। ১১৯ বলে ৯টি চার ও ২টি ছক্কায় গড়া তার ইনিংসটি বাংলাদেশের সংগ্রহ বড় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


শেষ দিকে বড় ঝড় তুলতে পারেননি অন্য ব্যাটাররা। তবে তাওহিদ হৃদয় ২৯ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ করেন ২২ রান।


শেয়ার করুন