২২ এপ্রিল ২০২৬, বুধবার, ০১:২৭:০৪ অপরাহ্ন
নিরাপত্তার আশ্বাসে কাজে ফিরলেন রামেকের ইন্টার্ন চিকিৎসকরা
  • আপডেট করা হয়েছে : ২২-০৪-২০২৬
নিরাপত্তার আশ্বাসে কাজে ফিরলেন রামেকের ইন্টার্ন চিকিৎসকরা

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে টানা ২৪ ঘণ্টা কর্মবিরতির পর কাজে ফিরেছেন ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টায় সংবাদ সম্মেলনের পরে কাজে যোগ দেন তারা।


জানা গেছে, সম্প্রতি হেনস্তার শিকার হয়ে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতির ডাক দেন। তাদের দাবিগুলো হাসপাতাল কর্তৃপক্ষ মেনে নেওয়ার আশ্বাস দেয় এবং আলোচনা ও সমঝোতার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়।


ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালে চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে হাসপাতালের পরিচালক ইতিবাচক আশ্বাস দিয়েছেন। কর্তৃপক্ষের এই প্রতিশ্রুতির ভিত্তিতেই তারা কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।


ঘোষণার পরপরই ইন্টার্ন চিকিৎসকরা নিজ নিজ ওয়ার্ডে ফিরে গিয়ে চিকিৎসাসেবায় যোগ দেন, ফলে হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক ছন্দে ফিরে আসে।



এর আগে, হাসপাতালে ‘মব’ সৃষ্টি করে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদ এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় তারা হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করেন।


এদিকে, কর্মবিরতির সময় চিকিৎসাসেবায় বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের ভাষ্য অনুযায়ী, ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে থাকলেও মিড ও সিনিয়র পর্যায়ের চিকিৎসকরা অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। ফলে রোগীদের সেবায় উল্লেখযোগ্য কোনো ব্যাঘাত ঘটেনি।


হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন