ঢালিউডের আলোচিত নায়িকাদের একজন পূজা চেরি। ক্যারিয়ারের শুরুটা ছিল বেশ সম্ভাবনাময়। শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পর খুব অল্প সময়েই নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন তিনি। একের পর এক সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়লেও গত কয়েক বছর ধরে তার ক্যারিয়ারে যেন ভাটা পড়েছিল। বেশ কিছু সিনেমা মুক্তি পেলেও সেগুলোর বেশিরভাগই দর্শকপ্রিয়তা পায়নি। ফলে আলোচনার বাইরে চলে যেতে শুরু করেন এই নায়িকা।
বিশেষ করে বড় পর্দায় ধারাবাহিকভাবে কয়েকটি সিনেমা প্রত্যাশা পূরণ করতে না পারায় পূজা চেরির ক্যারিয়ার নিয়ে প্রশ্ন উঠতে থাকে। সিনেমাগুলোর গল্প, নির্মাণ ও ব্যবসায়িক ফল, সব মিলিয়ে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি, যা ঢালিউডে পূজার অবস্থানকে নাড়িয়ে দেয়। ঢালিউডে তার অবস্থান আগের মতো শক্ত থাকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এ পরিস্থিতিতে নিজেকেও নতুন করে ভাবতে হচ্ছিল এই অভিনেত্রীকে।
তবে সব অনিশ্চয়তার মাঝেই নতুন আশার আলো হয়ে এসেছে তার অভিনীত সিনেমা ‘দম’। এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে শুরু থেকে। মুক্তির পরও আলোচনায় রয়েছে এ সিনেমা। বিশেষ করে পূজা চেরির অভিনয় নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে দর্শক ও সমালোচকদের কাছ থেকে।
অনেকের ভাষ্যমতে, এই সিনেমায় পূজা আগের চেয়ে অনেক বেশি পরিণত অভিনয় করেছেন। রেদওয়ান রনি পরিচালিত এ সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন পূজা। এতে তার অভিনীত চরিত্রটিও তাকে নতুন এক অভিজ্ঞতা দিয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী। গল্পের ভেতরে আবেগ, দ্বন্দ্ব ও নাটকীয়তার জায়গাগুলো তিনি দক্ষতার সঙ্গে তুলে ধরেছেন। ফলে দীর্ঘদিন পর আবারও তাকে ঘিরে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে। সিনেমাটি বাণিজ্যিকভাবে কতটা সফল হবে আপাতত এ আলোচনা তুলে রাখলাম। তবে এটি পূজার ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠেছে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, একজন অভিনেত্রীর ক্যারিয়ারে ওঠানামা থাকতেই পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, সঠিক সময়ে সঠিক কাজের মাধ্যমে আবারও নিজেকে প্রমাণ করা। সে জায়গা থেকে ‘দম’ পূজা চেরির জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। যদি তিনি ধারাবাহিকভাবে ভালো গল্প ও শক্তিশালী চরিত্র বেছে নিতে পারেন, তাহলে আবারও ঢালিউডে নিজের অবস্থান দৃঢ় করা তার পক্ষে সম্ভব।
কয়েক বছরের মন্দা সময় পেরিয়ে পূজা চেরির ক্যারিয়ারে নতুন করে আলো জ্বালিয়েছে ‘দম’। এই সিনেমাকে কেন্দ্র করে আবারও আলোচনায় ফিরেছেন তিনি। তবে দেখার বিষয়, এ আলোচনাকে সামনে রেখে তিনি ভবিষ্যতে কতটা শক্তভাবে নিজের জায়গা ধরে রাখতে পারেন।
উল্লেখ্য, পূজা চেরির রুপালি পর্দায় যাত্রা শুরু হয় শিশুশিল্পী হিসেবে। ‘ভালোবাসার রঙ’, ‘তবুও ভালোবাসি’, ‘অগ্নি’ এবং ‘কৃষ্ণপক্ষ’-এর মতো সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। ২০১৮ সালে সালে যৌথ প্রযোজনার সিনেমা ‘নূর জাহান’ দিয়ে পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে তার অভিষেক হয়। এরপর ‘পোড়ামন ২’ এবং ‘দহন’-এর মতো সিনেমা দিয়ে নিজেকে প্রমাণ করেছেন। সর্বশেষ তিনি শাকিবের বিপরীতে ‘গলুই’ সিনেমায় অভিনয় করে আলোচনায় ছিলেন। সিনেমাটি মুক্তি পায় ২০২২ সালে। এরপর থেকে পূজা অভিনীত ‘জ্বীন’, ‘টগর’, ‘সাইকো’, ‘শান’, ‘হৃদিতা’সহ একাধিক সিনেমা মুক্তি পেলেও, সাফল্যের দেখা পাননি এ অভিনেত্রী। ধীরে ধীরে চলে যান আলোচনার বাইরে।

