বিরামপুর উপজেলার হাট বাজারে শীতকালীন সবজির ব্যাপক আমদানি শুরু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) উপজেলার সবচেয়ে বড় হাট বিরামপুরে প্রচুর পরিমাণে সবজি আসার কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় চালান পৌঁছেছে। স্থানীয় বাজারেও শীতকালীন সবজির দাম কমে এসেছে।
বিরামপুর উপজেলার কৃষি জমিতে ধান ও অন্যান্য ফসলের পাশাপাশি ব্যাপকভাবে শাক-সবজির চাষ হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে উৎপাদিত সবজি রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। এবারের জন্য উপজেলা কৃষি বিভাগ শীতকালীন সবজি চাষাবাদের লক্ষ্যমাত্রা ১,২৬৫ হেক্টর নির্ধারণ করেছে। ইতিমধ্যে ১,০৫৫ হেক্টর জমিতে চাষাবাদ সম্পন্ন হয়েছে। আগাম জাতের শীতকালীন শাক-সবজি ইতিমধ্যেই বাজার দখল করেছে।
সোমবার (২২ নভেম্বর) বিরামপুর হাটে সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে এসেছে। এদিন বিক্রি হয়েছে— এদিন হাটে ফুলকপি ৫০ টাকা, বাঁধা কপি ২০ টাকা, মুলা ১৫ টাকা, শীম ৮০ টাকা, বেগুন ৫০ টাকা, পটল ৪০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, টমেটো ৮০ টাকা কেজি দরে এবং লাউ ৩০ টাকা পিচ হিসাবে বিক্রি হয়েছে। এছাড়া পুরাতন আলু ১৬-২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
সবজি বিক্রেতা নিয়ামত আলী জানান, আগের তুলনায় বাজারে বেশি পরিমাণে সবজির আমদানী হচ্ছে। আমদানী ক্রমাগত বাড়লে দাম আরও কমে যেতে পারে।

