রাজশাহীর বাঘায় অভিযান চালিয়ে ৫০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে বাঘা থানার মাহাদিপুর আমবাগান এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।
বিজিবি জানায়, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীন মীরগঞ্জ বিওপির একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, মাহাদিপুর আমবাগানে বিক্রির উদ্দেশ্যে কিছু মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছে। পরে বিজিবির সদস্যরা দ্রুত সেখানে গিয়ে তল্লাশি চালান।
তল্লাশির একপর্যায়ে আমগাছের গোড়ায় ঘাসের মধ্যে একটি ছোট ব্যাগ দেখতে পান বিজিবি সদস্যরা। ব্যাগটি খুলে এর ভেতর থেকে ৫০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ সময় মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা মাদকদ্রব্য বাঘা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানিয়েছে, এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।