২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ০৪:৪৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতে বোতলজাত পানিতে ক্ষ`তি`ক`র ব্যা`ক`টে`রিয়া, বি`পাকে জনপ্রিয় ব্র্যান্ড
  • আপডেট করা হয়েছে : ২৮-১১-২০২৬
ভারতে বোতলজাত পানিতে ক্ষ`তি`ক`র ব্যা`ক`টে`রিয়া, বি`পাকে জনপ্রিয় ব্র্যান্ড

ভারতে জনপ্রিয় বোতলজাত পানির ব্র্যান্ড বিসলেরির পানিতে ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে। দেশটির পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে প্রতিষ্ঠানটির একটি কারখানায় উৎপাদিত পানির নমুনা পরীক্ষায় কলিফর্ম ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট পানির একটি ব্যাচের বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে ভারতের খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা।


শনিবার (২৮ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, বিসলেরির টেলিপাড়া কারখানায় উৎপাদিত ‘পিবি ২০১’ ব্যাচের পানিতে এই ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়। গত জুলাইয়ে উৎপাদিত ওই পানির নমুনা পরীক্ষা করে প্রাথমিক ও পুনঃপরীক্ষা দুই পরীক্ষাগারেই কলিফর্ম ব্যাকটেরিয়ার অস্তিত্ব নিশ্চিত হয়। এরপর গত ১২ আগস্ট ব্যাচটির বিক্রি বন্ধের নির্দেশ দেয় ভারতের খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এফএসএসএআই)।


তবে পরীক্ষার ফল নিয়ে আপত্তি জানিয়েছে বিসলেরি। প্রতিষ্ঠানটির দাবি, একই ব্যাচের পানির নমুনা দুটি স্বীকৃত পরীক্ষাগারে পরীক্ষা করানো হলে সেগুলো খাদ্য নিরাপত্তার নির্ধারিত মানদণ্ড পূরণ করেছে। পরীক্ষার ফলাফলে এই পার্থক্যের কারণ খতিয়ে দেখতে নিয়ন্ত্রক সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে তারা। পাশাপাশি তদন্তে সহযোগিতার আশ্বাসও দিয়েছে প্রতিষ্ঠানটি।


এদিকে, বিসলেরির পানিতে ব্যাকটেরিয়া শনাক্ত হওয়ার ঘটনা সামনে আসার কয়েক দিনের মধ্যেই প্রতিষ্ঠানটির আরেকটি পানির নমুনা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। গোয়ার একটি কারখানা থেকে সংগ্রহ করা নমুনায় প্রথমে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি ব্রোমেট পাওয়া যায়। পরবর্তী পরীক্ষায় পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন (পিএএইচ) শনাক্ত হয়। এসব রাসায়নিকের কিছু উপাদান ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে বলে স্বাস্থ্যবিষয়ক সংস্থাগুলো জানিয়েছে।


পরপর এসব ঘটনায় ভারতের বোতলজাত পানির বাজারে নজরদারি বাড়িয়েছে এফএসএসএআই। সংস্থাটি দেশজুড়ে বোতলজাত ও মিনারেল ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কারখানায় নিয়মিত পরিদর্শন এবং পানির নমুনা পরীক্ষার নির্দেশ দিয়েছে। পেপসিকো, কোকাকোলা, টাটা ও রিলায়েন্সের মতো প্রতিষ্ঠানের পণ্যও এই নজরদারির আওতায় আসছে।


ভারতের প্রায় ৩৫০ কোটি ডলারের বোতলজাত পানির বাজারে অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বিসলেরি। দেশজুড়ে প্রতিষ্ঠানটির ১৩০টি উৎপাদন কারখানা রয়েছে।


সূত্র: রয়টার্স




শেয়ার করুন