২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৮:০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পরীক্ষার্থীর উপর শিক্ষক চড়া হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা: অতিরিক্ত জেলা প্রশাসক নাহারুল ইসলাম
  • আপডেট করা হয়েছে : ২৪-১১-২০২৬
পরীক্ষার্থীর উপর শিক্ষক চড়া হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা: অতিরিক্ত জেলা প্রশাসক নাহারুল ইসলাম

একজন নবম শ্রেণির পরীক্ষার্থীর অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নাহারুল ইসলাম এখন সবার মুখে মুখে। তাঁর দ্রুত, সৎ ও সাহসী সিদ্ধান্তের প্রশংসা করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। রাজশাহীর দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে নবম শ্রেণির ফাইনাল পরীক্ষা চলাকালে দায়িত্বরত শিক্ষক সেলিমের বিরুদ্ধে এক পরীক্ষার্থীর উপর চড়া হওয়ার অভিযোগ ওঠে। পরীক্ষার্থী ফাহমিদা খাতুন অভিযোগ করেন, পরীক্ষা চলাকালে ওই শিক্ষক তার উপর চড়া হন এবং তাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না বলে হুমকি দেন। ফাহমিদার ভাষায়, আমরা পড়ে পরীক্ষা দিতে চাই।


 ভয়ে পরীক্ষা দিতে চাই না। এমন তথ্য পাওয়ার পরই বিষয়টি সরাসরি নজরে আসে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নাহারুল ইসলামের। তিনি বিষয়টি মোটেও হালকাভাবে নেননি। একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ আর পরীক্ষার পবিত্রতা রক্ষার জন্য তিনি সাথে সাথে নির্দেশনা দেন। তাঁর নির্দেশনা অনুযায়ী দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা ফারজানা কোনো কালক্ষেপণ না করে তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করেন এবং অভিযুক্ত শিক্ষক সেলিমকে পরীক্ষার ডিউটি থেকে সাসপেন্ড করেন। একই সাথে পরীক্ষা কেন্দ্রে যাতে আর কোনো ধরনের অনিয়ম বা শিক্ষার্থীকে হুমকির ঘটনা না ঘটে, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।


ভুক্তভোগী ছাত্রীর অভিভাবকরা বলেন, আমরা অভিযোগ দেওয়ার সাথে সাথেই নাহারুল ইসলাম স্যার ব্যবস্থা নিয়েছেন। এতে আমাদের মেয়ে এখন নির্ভয়ে পরীক্ষা দিতে পারছে। একজন বড় কর্মকর্তা হয়েও তিনি একজন সাধারণ শিক্ষার্থীর কথা এত গুরুত্ব দিয়ে শুনেছেন, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। তাঁকে মন থেকে ধন্যবাদ। এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ। পরীক্ষার হলে একজন শিক্ষার্থী যাতে নির্ভয়ে, শান্ত পরিবেশে পরীক্ষা দিতে পারে, সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। শিক্ষা হবে ভয়মুক্ত, মানবিক ও ইতিবাচক পরিবেশে। কোনো শিক্ষার্থী যাতে ভয় বা চাপ নিয়ে পরীক্ষা না দেয়, সেজন্য জেলা প্রশাসন সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে। স্থানীয় অভিভাবকদের ভাষায়, মোঃ নাহারুল ইসলাম স্যারের মতো সৎ, মানবিক ও দায়িত্বশীল কর্মকর্তা থাকলে শিক্ষা ব্যবস্থায় অনিয়ম টিকতে পারে না। একজন শিক্ষার্থীর সাহসী প্রতিবাদ আর তাঁর দ্রুত সিদ্ধান্তই পরীক্ষার পরিবেশকে আবার স্বাভাবিক করেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পরীক্ষা কেন্দ্রে স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসন এভাবেই শিক্ষার্থীদের পাশে থাকবে।



শেয়ার করুন