রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৮ কোটি টাকা। এ ঘটনায় ময়না বেগম ও শাহাদাত হোসেন নামে ভাই-বোনকে আটক করা হয়েছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক অভিযানে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন ও অস্ত্র কেনাবেচার ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকাসহ হাসান আলী ও আব্দুর রহিম নামে দুজনকে গ্রেপ্তার করেছে এসআরবি।
সোমবার (২৩ নভেম্বর) পৃথক অভিযানে এসব মাদক ও অস্ত্র উদ্ধারের তথ্য সংবাদ সম্মেলনে জানান এসআরবি-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল ইসতিয়াক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার হাটপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হাসান আলী ও আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন ও অস্ত্র কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্ট ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র কেনাবেচায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।
অন্যদিকে, সোমবার রাতে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ময়না বেগম ও শাহাদাত হোসেনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটক দুজন সম্পর্কে ভাই-বোন। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পেয়েছে এসআরবি।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ছয় মাসে এসআরবি ১৭টি অবৈধ অস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল ও প্রায় ১৬ কেজি গানপাউডার উদ্ধার করেছে। এসব অপরাধে জড়িত সন্দেহে প্রায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
একই সময়ে ৪০ কেজি হেরোইন, ৫ হাজার বোতল ফেনসিডিল, ২৭ হাজার ইয়াবা, ৫০৬ কেজি গাঁজা ও ১৬ হাজার পিস অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করেছে বাহিনীটি।

