১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ০৪:০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ইরানে যুদ্ধের সিদ্ধান্ত ভুল মনে করেন ৬০ শতাংশ মার্কিন ভোটার
  • আপডেট করা হয়েছে : ১৮-০৯-২০২৬
ইরানে যুদ্ধের সিদ্ধান্ত ভুল মনে করেন ৬০ শতাংশ মার্কিন ভোটার

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্তকে ভুল মনে করেন যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ নিবন্ধিত ভোটার। একই সঙ্গে ৭১ শতাংশ ভোটার মনে করেন, ইরান যুদ্ধ শেষ করার বিষয়ে ট্রাম্প প্রশাসনের কোনো স্পষ্ট কৌশল নেই। ফক্স নিউজের নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে।



জরিপে দেখা যায়, ট্রাম্প প্রশাসনের যুদ্ধ শেষ করার কৌশল নিয়ে অনাস্থা সবচেয়ে বেশি ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে। তাদের ৯৫ শতাংশ এমন মত দিয়েছেন। স্বতন্ত্র ভোটারদের ৮৩ শতাংশ এবং রিপাবলিকান ভোটারদের ৪৩ শতাংশও একই মত পোষণ করেন।



ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তকে ভুল বলেছেন ৬০ শতাংশ ভোটার। বিপরীতে ৩৭ শতাংশ এটিকে সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন। জুনের জরিপে ৫৮ শতাংশ ভোটার সামরিক পদক্ষেপকে ভুল বলেছিলেন। অর্থাৎ এ বিষয়ে বিরোধিতার হার বেড়েছে।



দীর্ঘমেয়াদে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র কম নিরাপদ হয়ে পড়বে বলেও মনে করছেন ভোটারদের একটি বড় অংশ। এ ধরনের মত দেওয়া ভোটারের হার এপ্রিলে ৩৯ শতাংশ থেকে বেড়ে ৪৭ শতাংশ হয়েছে। অন্যদিকে ৩২ শতাংশ মনে করেন, যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র আরও নিরাপদ হবে।



জরিপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামগ্রিক কর্মদক্ষতায় অনুমোদনের হার ৩৯ শতাংশ পাওয়া গেছে। তার প্রতি অসন্তুষ্ট ৬১ শতাংশ ভোটার। পররাষ্ট্রনীতিতে ট্রাম্পের অনুমোদনের হার আরও কমে ৩৭ শতাংশে নেমেছে, যা তার দ্বিতীয় মেয়াদে সর্বনিম্ন।



ফক্স নিউজের এই জরিপটি ১১ থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ১ হাজার ২১১ জন নিবন্ধিত ভোটারের মধ্যে পরিচালিত হয়। জরিপের নমুনার ত্রুটিসীমা প্লাস বা মাইনাস ৩ শতাংশ পয়েন্ট। ফক্স নিউজ জানিয়েছে, উপগোষ্ঠীগুলোর ফলাফলে ত্রুটির সীমা আরও বেশি হতে পারে।



সূত্র: ফক্স নিউজ

শেয়ার করুন