২২ নভেম্বর ২০২৬, রবিবার, ০৭:২৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৮৯ অভিবাসী আ`ট`ক
  • আপডেট করা হয়েছে : ২২-১১-২০২৬
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৮৯ অভিবাসী আ`ট`ক

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের শাহ আলমের তামান শ্রী মুদা এলাকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে ৪৮৯ জনকে আটক করেছে দেশটির যৌথ বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে ১৫২ জন বাংলাদেশি।



শুক্রবার (২০ নভেম্বর) সকালে চালানো দুই ঘণ্টাব্যাপী এ অভিযানে ৮৩১ জন বিদেশির কাগজপত্র যাচাই করা হয়। বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান এবং ওয়ার্ক পারমিটের অপব্যবহারের অভিযোগে তাদের আটক করা হয়।


মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অভিযানের সময় দোকানের গলিপথ দিয়ে পালানোর চেষ্টা করেন অভিবাসীরা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে থেকেই বের হওয়ার পথগুলো ঘিরে রাখায় তাদের পালানোর চেষ্টা ব্যর্থ হয়।


অভিযান শেষে সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের উপমহাপরিচালক (অপারেশনস) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৪০৫ জন পুরুষ ও ৮৪ জন নারী। তাদের বয়স ১৯ থেকে ৬২ বছরের মধ্যে।


আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশের ১৫২ জন ছাড়াও নেপালের ১১৫, মিয়ানমারের ৯৯, ভারতের ৬৫, ইন্দোনেশিয়ার ৪৩, পাকিস্তানের ১১ এবং শ্রীলঙ্কার চারজন রয়েছেন।


দাতুক লোকমান জানান, অভিযানে নির্মাণ খাতের ওয়ার্ক পারমিট নিয়ে রেস্তোরাঁয় কাজ করার মতো অনিয়মও পাওয়া গেছে। তিনি বলেন, সংশ্লিষ্ট খাতের বৈধ পারমিট ছাড়া বিদেশি কর্মী নিয়োগ দেওয়া নিয়োগকর্তাদের জন্যও দণ্ডনীয় অপরাধ। রেস্তোরাঁয় কর্মী নিয়োগের ক্ষেত্রে সেবা খাতের পারমিট নিশ্চিত করতে হবে।


ইমিগ্রেশন বিভাগের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেনারেল অপারেশনস ফোর্স, অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয়বিষয়ক মন্ত্রণালয়, সিভিল ডিফেন্স ফোর্স, জাতীয় মাদকবিরোধী সংস্থা, কোম্পানিজ কমিশন অব মালয়েশিয়া (এসএসএম) এবং শাহ আলম সিটি কাউন্সিলের ২৫৪ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।



অভিযান চলাকালে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার ৫০০ রিঙ্গিত জরিমানা করেছে এসএসএম। এ ছাড়া তদন্তে সহায়তার জন্য পাঁচটি প্রতিষ্ঠানের মালিককে তলব করে সমন জারি করা হয়েছে।


আটক ব্যক্তিদের পরবর্তী আইনি পদক্ষেপের জন্য ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।




শেয়ার করুন