রাজশাহী জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে এসেছে ইতিবাচক পরিবর্তন। গত ২৩ আগস্ট ২০২৬ তারিখে রাজশাহী জেলা পুলিশ সুপার হিসেবে মোঃ মামুন অর রশিদ যোগদান করার পর জেলার প্রতিটি থানা, ফাঁড়ি ও ক্যাম্পে ধারাবাহিক অভিযান জোরদার করা হয়েছে। যোগদানের পর জেলা পুলিশের পক্ষ থেকে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ শুরু হয়। এরপর থেকে নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সেবনকারী গ্রেফতার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় পুলিশের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত বিভিন্ন থানা পরিদর্শন, মামলার অগ্রগতি পর্যালোচনা এবং ভুক্তভোগীদের দ্রুত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ও স্কুল-কলেজে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।
নারী ও শিশুদের নিরাপত্তা, সাইবার অপরাধ প্রতিরোধ এবং মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে নিয়মিত উঠান বৈঠক ও মতবিনিময় সভা করা হচ্ছে। থানায় সেবা নিতে আসা কোনো মানুষ যাতে হয়রানির শিকার না হন, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহন, বেপরোয়া গতি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধেও অভিযান চলছে। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর চেষ্টা চলছে। এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন বলেন, রাজশাহী জেলা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা অনুযায়ী মাদক ও সন্ত্রাস নির্মূলের লক্ষ্যে প্রতিদিন জেলার বিভিন্ন এলাকায় তল্লাশি, চেকপোস্ট এবং নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশ সুপার মহোদয় অত্যন্ত দক্ষ, বিচক্ষণ ও দূরদর্শী একজন কর্মকর্তা। স্যারের সঠিক পরিকল্পনা, কঠোর মনিটরিং ও প্রতিদিনের দিকনির্দেশনার কারণেই মাঠ পর্যায়ে আমাদের অভিযানগুলো আরও বেশি কার্যকর হচ্ছে। স্যারের নেতৃত্বে মাদক ব্যবসায়ী, বহনকারী ও আশ্রয়দাতাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না। স্যারের স্বপ্ন মাদকমুক্ত ও নিরাপদ রাজশাহী গড়া। সেই লক্ষ্য বাস্তবায়নে রাজশাহী জেলা পুলিশ ঐক্যবদ্ধভাবে দিনরাত কাজ করে যাচ্ছে। এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, আমাদের মাননীয় পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ স্যার একজন অত্যন্ত দক্ষ, সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা। স্যার যোগদান করার পর থেকে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অভূতপূর্ব উন্নতি হয়েছে। স্যারের সঠিক দিকনির্দেশনা, কঠোর মনিটরিং ও মানবিক নেতৃত্বের কারণে আমরা মাঠ পর্যায়ে আরও বেশি আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারছি। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে স্যারের জিরো টলারেন্স নীতি আমাদের সকলকে নতুন করে অনুপ্রাণিত করেছে। জেলাবাসীর প্রত্যাশা, এই ধারাবাহিকতা বজায় থাকলে রাজশাহী জেলা একটি নিরাপদ ও শান্তির জেলা হিসেবে গড়ে উঠবে।

