রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গোলাই গ্রাম থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মধু মিয়া (৬২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টা ৫০ মিনিটে গোদাগাড়ীর গোলাই গ্রামে জনৈক বাদশা মন্ডলের প্লট থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মধু মিয়া রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর গ্রামের মৃত নইছ উদ্দিনের ছেলে। জেলা পুলিশ জানায়, ডিবি পুলিশ পরিদর্শক মোঃ মোমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ স্বপন হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযানে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন গোলাই গ্রামে এক ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। ডিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তার লুঙ্গির ডান পাশের টেমর থেকে ২টি নীল পলিথিনে রাখা ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় অপর অভিযুক্ত মোঃ মিলন হোসেন বগা (৪৫), পিতা- আবুল কালাম আজাদ, সাং- পুরাতন কসবা, দামকুড়া, রাজশাহী কৌশলে পালিয়ে যায়। তার বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় ১৮টি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন বলেন, রাজশাহী জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ সুপার মহোদয়ের সুনির্দিষ্ট দিকনির্দেশনায় জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। তাঁর নেতৃত্বে ডিবি ও থানা পুলিশের সমন্বয়ে নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

