১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১১:৪২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই
নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট করা হয়েছে : ১৭-১১-২০২৬
গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই

গোপালগঞ্জে ধারাবাহিকভাবে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


তিনি বলেন, আগামী ১৯ নভেম্বরকে সামনে রেখে সেখানে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে আর বসে বসে দেখার সময় নেই। এর প্রতিকার অবশ্যই হতে হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের সভায় কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধি অনুসারে আনীত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমি নির্ধারিত আলোচনায় যাওয়ার আগে এইমাত্র অবহিত হওয়া একটি উদ্বেগজনক বিষয় এই সংসদের সামনে আনা জরুরি মনে করছি। গত কয়েক দিন ধরেই বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি জেলা, সেই জেলায় অনেক অস্থিরতা, নাশকতা এবং বিশৃঙ্খল কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। আজকে সেই জেলারই একটি থানা টুঙ্গিপাড়ায় মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও, আক্রমণ, অগ্নিসংযোগ এবং অস্ত্র লুটপাট করা হয়েছে। পুলিশ আত্মরক্ষার্থে পিছু হটে গেছে।


তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যম পুলিশের কোনো সোর্সের সঙ্গে সেখানে যোগাযোগ করতে পারছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, তিনি এ ধরনের ঘটনা শুনেছেন। এটি বাংলাদেশের অবিচ্ছেদ্য একটি অংশ। ধারাবাহিকভাবে কয়েকদিন ধরে সেখানে এই অবস্থা বিরাজমান। এ বিষয়ে সরকারের পদক্ষেপ আমরা লক্ষ্য করেছি। ডিসি, এসপিকে বদলি করা হয়েছে। তিনজন ওসিকে বদলি করা হয়েছে। এর বাইরে কী পদক্ষেপ নেওয়া হয়েছে?

বিরোধীদলীয় নেতা বলেন, এই জেলার ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার সংযোগ রয়েছে। অর্থাৎ দেশের একটি বৃহৎ অংশ এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন। আমরা তাঁর কাছ থেকে আশ্বস্ত হতে চাই। নিরীহ মানুষের জীবন, সম্পদ ও ইজ্জত, পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় জনবল ও রাষ্ট্রীয় স্থাপনা সুরক্ষার ব্যাপারে কী উদ্যোগ নেওয়া হয়েছে, তা জানতে চাই।

তিনি বলেন, আমাদের কাছে এ রকম তথ্যও আছে, আগামী ১৯ তারিখকে সামনে রেখে সেখানে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নেওয়া হচ্ছে। আশা করি, সরকারের কাছে এ তথ্য থাকবে। যদি না থাকে এবং বাস্তবে যদি এমন কিছু না হয়, তাহলে খুবই ভালো। তারা আগেই ঘোষণা দিয়েছে কার কার বাড়িতে আগুন দেবে, কোথায় কোথায় আগুন দেবে, কোথায় লুটতরাজ হবে। কিন্তু এরপরও আমরা একটি সরকার বিদ্যমান, একটি পার্লামেন্ট চলমান দেখতে পাচ্ছি। সেখানে এ বিষয়ে কোনো কিছু দেখতে পাচ্ছি না। আজকে এ বিষয়ে জাতিকে আশ্বস্ত করা এবং এই সংসদকে অবহিত করার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।


গার্মেন্টস খাতের অস্থিরতা নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, চলমান গার্মেন্টস সেক্টরকে সামনে রেখে যে অস্থিরতা তৈরি হয়েছে, এ বিষয়ে সরকারি ও বিরোধী দলের সম্মানিত সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। অনেকে সমস্যাগুলো ডাটা দিয়ে তুলে ধরেছেন। অনেকে সম্ভাবনাগুলো ডাটা দিয়ে তুলে ধরেছেন। সেই ডাটা যথাযথ হোক, আমরা এটাই কামনা করি।

তিনি বলেন, এই শিল্পটা বাংলাদেশের প্রাণ। আমাদের বৈদেশিক মুদ্রার ৮০ ভাগ এখান থেকে আমরা অর্জন করে থাকি। ৩৮ থেকে ৪০ বিলিয়ন ডলার এখানে আমরা আয় করে থাকি। এরপরের কার্ডটি হচ্ছে আমাদের প্রবাসী বন্ধুদের পাঠানো রেমিট্যান্স।

গার্মেন্টস খাত ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে উল্লেখ করে তিনি বলেন, এটাতে বিপর্যয় নামলে কী হবে, এটা আগেও বলেছি। শিল্প উদ্যোক্তা এবং মালিকপক্ষ ক্ষতিগ্রস্ত হবেন। তারা ব্যাংক পরিশোধ করতে পারবেন না। শিল্প মালিকরা ক্ষতিগ্রস্ত হলে ব্যাংকিং সেক্টর ক্ষতিগ্রস্ত হবে। ব্যাংক যদি তার কিস্তিগুলো ফেরত না পায়, তাহলে মানি সার্কুলেশন বন্ধ হয়ে যাবে।

জামায়াত আমির বলেন, তারা যদি উৎপাদনে যেতে না পারেন অথবা উৎপাদন যদি টিকিয়ে রাখতে না পারেন, তাহলে শ্রমিকদের কোনোভাবেই তাদের প্রাপ্য দিতে পারবেন না। সেই ক্ষেত্রে লে-অফে যাবে। আবার সেখানে বিশৃঙ্খলা দেখা দেবে, ভাঙচুর হবে, অগ্নিসংযোগের আশঙ্কা তৈরি হবে। এতে মালিকের কী লাভ, শ্রমিকের কী লাভ, দেশের কী লাভ? এতে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব।

শ্রমিকদের কর্মসংস্থান হারানোর আশঙ্কা তুলে ধরে তিনি বলেন, বিপুল জনশক্তি যদি কর্মসংস্থান হারিয়ে ফেলে, তারা যাবে কোথায়? এই মুহূর্তে তাদের হাতে কাজ তুলে দেওয়ার সেরকম কোনো সুযোগ বাংলাদেশের আছে কি না, যদি থাকে খুবই ভালো। কিন্তু যদি না থাকে, তাহলে সামাজিক অস্থিরতা দেখা দেবে এবং এর দংশনে গোটা জাতি জর্জরিত হবে। সুতরাং এই খাতকে কোনোভাবে উপেক্ষা করে যাওয়ার সুযোগ নেই।

গার্মেন্টস খাতের সমস্যা সমাধানে সরকার এককভাবে ব্যর্থ হলে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, সরকার যদি কোনো কারণে এই সেক্টরের সমস্যা সমাধানে এককভাবে ব্যর্থ হয়, তাহলে এটা দেশের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। আমরা এই বিপর্যয় থেকে বাঁচতে চাই। সরকার মানবে কি মানবে না, এটা সরকারের ব্যাপার। আমি আমার সহকর্মীর দেওয়া প্রস্তাবকে সমর্থন করছি।

এই নেতা বলেন, এটা আমাদের সামগ্রিক দায়িত্ব। দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব। এই দায়িত্বের আওতায় সরকারি দল, বিরোধী দল, মালিকপক্ষ, শ্রমিকপক্ষ এবং টেকনিক্যাল এক্সপার্টদের নিয়ে একটি ন্যাশনাল টাস্কফোর্স গঠন করা যেতে পারে। এটা যখন হবে, তখন বাইরে থেকে যারা উসকানি দিচ্ছেন, প্ররোচনা করছেন, তারা একটা বার্তা পাবেন। এই বার্তাও অস্থিরতা প্রশমনে কার্যকর হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি।

জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় স্বার্থের ইস্যুতে আমরা যদি একসঙ্গে কাজ করি, তাহলে মালিক-শ্রমিক সবার মধ্যে আস্থা ফিরে আসবে। আমরা আস্থাহীনতার একটা কঠিন পরিস্থিতি এখানে দেখতে পাচ্ছি।

গার্মেন্টস শ্রমিকদের জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক প্রণোদনার প্রস্তাব দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আমার আরেকটি সুপারিশ হচ্ছে, যেহেতু এটি আমাদের প্রধান রপ্তানি খাত এবং রপ্তানির ৮০ ভাগ এই খাত কাভার করে, এজন্য আমাদের পার্শ্ববর্তী দেশেও এ ধরনের চর্চা আছে। সেখানে সরকার আর্থিক দায়িত্ব নিয়েছে। প্রতিষ্ঠান বেসরকারি খাতের, কিন্তু সরকার শ্রমিকদের সরাসরি নিজের পক্ষ থেকে একটা প্রণোদনা দিচ্ছে।

তিনি বলেন, আমাদের শিল্প মালিকরা যদি উৎপাদন বাড়াতে না পারেন, তারা যদি লাভের অঙ্কে না থাকেন, তাহলে এই শিল্প চলবে কেন এবং তারা চালাবেন কীভাবে? কাজেই তাদেরও বাঁচানো দরকার, আমাদের শ্রমিক বন্ধুদেরও বাঁচানো দরকার। এই দুটোর জন্য আমি বিশ্বাস করি, মজুরি বোর্ড হয়েছে, ভেরি গুড। কিন্তু সামগ্রিক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এই প্রস্তাব যদি আমলে নেওয়া হয়, তাহলে আমরা একটি যৌক্তিক সিদ্ধান্তে সবাই মিলে পৌঁছাতে পারব বলে আমি বিশ্বাস করি।

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, এটা ধারণা করার কোনো কারণ নেই যে বিষফোড়া এক জায়গায় থাকবে। আমি একজন ক্ষুদ্র চিকিৎসক হিসেবে জানি, এই বিষফোঁড়ার জীবাণু যখন রক্তে চলে যায়, তখন গোটা দেহে ছড়িয়ে পড়ে। এই জীবাণু রক্তে যাওয়ার আগেই বিষফোড়াকে ওখানেই ট্রিটমেন্ট করতে হবে।

তিনি আরও বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। সেখানে বহু নাগরিক, দেশপ্রেমিক ও নিরীহ মানুষ আছেন। তাদের রক্ষা করা সরকারের এবং আমাদের সবার সামগ্রিক দায়িত্ব। এ দায়িত্ব আমাদের পালন করতে হবে। বিশৃঙ্খলা যারা সৃষ্টি করছে, দেশকে ভালোবাসলে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না, সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করতে পারে না, মানুষের জীবন কেড়ে নিতে পারে না। এভাবে ব্যাপকভাবে ঘোষণা দিয়ে ধ্বংসযজ্ঞ চালাতে পারে না। এ বিষয়ে আর বসে বসে দেখার সময় নেই। এর প্রতিকার অবশ্যই হতে হবে। এ প্রতিকার চাই।



শেয়ার করুন