১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০১:০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে ইসির বৈঠক
  • আপডেট করা হয়েছে : ১৭-০৯-২০২৬
দুপুরে ইসির বৈঠক

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৈঠকে সভাপতিত্ব করবেন।


জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটার ও নির্বাচনী কার্যক্রমে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রতিনিধি পাঠানোর জন্য চিঠি দেওয়া হয়েছে।


ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের পাঠানো চিঠিতে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।



এ ছাড়া বাংলাদেশ ব্যাংক, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), বাংলাদেশ ডাক বিভাগ, বাংলাদেশ ফাইন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) প্রতিনিধিদেরও বৈঠকে অংশ নিতে বলা হয়েছে।


শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।


ইসির ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি নভেম্বরের মাঝামাঝি সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে কমিশনের।


শেয়ার করুন