রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, আগের চেয়ে সুস্থ বোধ করছেন তিনি।
ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক জানান, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় ভূমিমন্ত্রীর রক্তশূন্যতা দেখা দিয়েছিল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। আগের চেয়ে কিছুটা সুস্থ বোধ করছেন তিনি।
নাজমুল হক বলেন, কিছু পরীক্ষা-নিরীক্ষা বাকী রয়েছে। সেগুলো আজ করা হবে। আশা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
এদিকে, অসুস্থ ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা মো. আব্দুস সাত্তার পাটোয়ারী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানসহ অন্য নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
এ সময় তারা ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন।
সূত্র : বাসস

