১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ০৪:১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আরও কমলো তেলের দাম
  • আপডেট করা হয়েছে : ১৩-১০-২০২৬
আরও কমলো তেলের দাম

টানা মূল্যবৃদ্ধির পর বিশ্ববাজারে কিছুটা কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সৌদি আরবে হামলার কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনা-এই দুই বিপরীতমুখী পরিস্থিতির প্রভাবে ওঠানামা করছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য।


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত ১২টায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬১ সেন্ট বা ০ দশমিক ৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০৬ দশমিক ০৪ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪৭ সেন্ট বা ০ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ২৭ ডলারে নেমে আসে।


এর আগে সোমবার বিশ্ববাজারে তেলের দাম প্রায় ২ ডলার বেড়েছিল। ওই দিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ৬৫ ডলারে স্থির হয়, যা গত ১৫ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ সমাপনী দর।


বিশ্লেষকদের মতে, সৌদি আরবে হামলার আশঙ্কায় তেল সরবরাহ ব্যাহত হওয়ার উদ্বেগ বাজারে দাম বাড়ার চাপ তৈরি করছে। বিপরীতে, রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়তে পারে—এমন সম্ভাবনা সরবরাহ পরিস্থিতির উন্নতি নিয়ে আশাবাদ তৈরি করেছে।


বাজারে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এবং রপ্তানি বাড়ার সম্ভাবনা—দুইয়ের প্রভাবেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে এই ওঠানামা দেখা যাচ্ছে। তথ্যসূত্র: আল জাজিরা




শেয়ার করুন