ফসলি জমি রক্ষায় জিরো টলারেন্স নীতি নিয়ে মাঠে নেমেছেন রাজশাহীর পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস। কোথাও অবৈধ পুকুর খননের তথ্য পেলেই তিনি সাথে সাথে ছুটে গিয়ে অভিযান পরিচালনা করছেন।
অবৈধ পুকুর খনকারীদের বিরুদ্ধে নিচ্ছেন কঠোর আইনগত ব্যবস্থা এবং বন্ধ করে দিচ্ছেন পুকুর খনন। ফসলি জমি রক্ষায় তিনি রাত-দিন ২৪ ঘন্টাই অভিযান পরিচালনা করছেন। তারই ধারাবাহিকতায় (৩০ আগস্ট রবিবার) রাত ১২ টায় পুঠিয়া উপজেলার কৈহাড়িয়া ও শিলমাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ধানী জমির শ্রেণী পরিবর্তন করে পুকুর খন ও মাটি পরিবহনের অপরাধে ২ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। খবর পেয়েই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।
ভ্রাম্যমাণ আদালতে ধানী জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খননের দায়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী, ২ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ১। শফিকুল ইসলাম, পিতা- নহির উদ্দিন, ২। আলী আজগর, পিতা- সেকান্দর আলী, সর্ব সাং- কৈহাড়িয়া, থানা- পুঠিয়া, জেলা- রাজশাহী। এসময় অবৈধ পুকুর খনন কাজ বন্ধ করে দেওয়া হয় এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অভিযানের পর স্থানীয় কৃষকরা পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাসের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। কৃষক আব্দুল কাদের বলেন, আমরা বহুদিন ধরে এই অবৈধ পুকুর খননের অত্যাচার সহ্য করছিলাম। উপজেলা সহকারী কমিশন (ভূমি) শিবু দাস স্যার আসার পর আমরা শান্তি পেয়েছি। উনি রাত-বিরাতে খবর পেলেও ছুটে আসেন। উনার মতো অফিসার থাকলে আমাদের ফসলি জমি কেউ নষ্ট করতে পারবে না। আরেক কৃষক রফিকুল ইসলাম বলেন, স্যার শুধু কারাদণ্ড দিয়েই থেমে থাকেন না। উনি নিজে দাঁড়িয়ে থেকে পুকুর খনন বন্ধ করান। কৃষকদের কথা মন দিয়ে শোনেন। পুঠিয়ায় এমন অফিসার আগে দেখিনি। আমরা উনার দীর্ঘায়ু কামনা করি। অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, কৃষকের ফসলি জমি রক্ষা করা আমাদের প্রধান দায়িত্ব। কেউ যদি ধানী জমি নষ্ট করে পুকুর খনন করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আমার অবস্থান জিরো টলারেন্স। তথ্য পাওয়া মাত্রই আমি ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করবো। তিনি আরও বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান রাত-দিন ২৪ ঘন্টা অব্যাহত থাকবে।

