৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৩:৩২:২৬ অপরাহ্ন
৪ ডিআইজি প্রিজন্সকে বদলি ও পদায়ন
  • আপডেট করা হয়েছে : ৩০-০৮-২০২৬
৪ ডিআইজি প্রিজন্সকে বদলি ও পদায়ন

কারা অধিদপ্তরের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে বড় ধরনের রদবদল করা হয়েছে। উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) পদমর্যাদার চার শীর্ষ কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করেছে সরকার।


রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এই সংক্রান্ত একটি জরুরি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখার উপসচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।



প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা বিভাগ-২ (গাজীপুর) বিভাগীয় সদর দপ্তরের কারা উপ-মহাপরিদর্শক টিপু সুলতানকে বদলি করে কারা অধিদপ্তরে আনা হয়েছে। অন্যদিকে, বর্তমানে কারা অধিদপ্তরে কর্মরত কারা উপ-মহাপরিদর্শক মো. আলতাব হোসেনকে খুলনা বিভাগের যশোর সদর দপ্তরের কারা উপ-মহাপরিদর্শক হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।


একই আদেশে রংপুর বিভাগীয় সদর দপ্তরের কারা উপ-মহাপরিদর্শক মো. কামাল হোসেনকে ঢাকা বিভাগ-২ (গাজীপুর) এর নতুন বিভাগীয় প্রধান হিসেবে স্থলাভিষিক্ত করা হয়েছে।


এছাড়া, খুলনা বিভাগের যশোর সদর দপ্তরে কর্মরত থাকা কারা উপ-মহাপরিদর্শক জনাব মনির আহমেদকে রংপুর বিভাগীয় সদর দপ্তরের উপ-মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।


রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এই আদেশটি অবগতির ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে।


শেয়ার করুন