১৩ জুলাই ২০২৬, সোমবার, ০৯:৩৭:৪০ অপরাহ্ন
বন্যা ও পাহাড় ধসে ৭ জেলায় নিহত ৫৪, পানিবন্দি সোয়া ১ লাখ পরিবার*
রাকিবুল হোসেন শাহীন
  • আপডেট করা হয়েছে : ১৩-০৭-২০২৬
বন্যা ও পাহাড় ধসে ৭ জেলায় নিহত ৫৪, পানিবন্দি সোয়া ১ লাখ পরিবার*

অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে সৃষ্ট বন্যায় দেশের ৭টি জেলায় এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৯ জন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আজ সোমবার, ১৩ জুলাইয়ের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


 প্রতিবেদন অনুযায়ী, বন্যা ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জেলার ৫৯টি উপজেলা, ৩৩৪টি ইউনিয়ন ও ১২টি পৌরসভা প্লাবিত হয়েছে।


বর্তমানে ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার পানিবন্দি রয়েছে। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৬ লাখ ৯ হাজার ৪১১ জন।


জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, নিহত ৫৪ জনের মধ্যে সবচেয়ে বেশি ৩১ জন মারা গেছেন কক্সবাজারে। এছাড়া চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জন প্রাণ হারিয়েছেন।


আহত ৩৯ জনের মধ্যে কক্সবাজারে ২৪ জন, চট্টগ্রামে ১২ জন, বান্দরবানে ২ জন এবং খাগড়াছড়িতে ১ জন রয়েছেন।

শেয়ার করুন