রাজশাহীর মোহনপুরে সামান্য আম চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় মামলার মূলহোতাসহ এজাহারনামীয় ১ নং ও ২ নং আসামীকে যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন- মোহনপুর উপজেলার হরিহরপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে মোঃ মকবুল হোসেন (১ নং আসামী) এবং মকবুল হোসেনের ছেলে মোঃ শাহিনুর রহমান ওরফে বুলবুল (২ নং আসামী)। মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত মোঃ আঃ রাজ্জাক (৫০) পেশায় ভ্যানচালক এবং আসামীরা তার প্রতিবেশী।
গত ২৭ জুন ২০২৬ ইং তারিখ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী জেলার মোহনপুর থানাধীন হরিহরপাড়া গ্রামে রাজ্জাকের গাছের আম চুরির ঘটনাকে কেন্দ্র করে আসামী মোঃ রাসেলের সাথে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে একই দিন সন্ধ্যায় হরিহরপাড়া গ্রামস্থ আয়েন উদ্দিনের বাড়ির সামনের রাস্তায় আসামীরা দেশীয় অস্ত্র বাঁশের লাঠি ও ইট দিয়ে রাজ্জাক ও তার পরিবারের লোকজনের উপর হামলা করে। এতে রাজ্জাক গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নওদাপাড়া ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের ছেলে মোঃ রাজু বাদী হয়ে মোহনপুর থানায় ৮ জনকে এজাহারনামীয় ও ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং-২০, তারিখ: ২৮/০৬/২০২৬ ইং, ধারা: ৩৪১/৩০২/৩৪। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর আসামীরা আত্মগোপনে চলে যায়। ঘটনাটি দেশব্যাপী প্রিন্ট, ইলেক্ট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে র্যাব-৫, সদর কোম্পানী রাজশাহী এবং র্যাব-২, সিপিএসি, বসিলা, ঢাকার একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১১ জুলাই ২০২৬ রাত ১০:৩৫ মিনিটে ডিএমপির আদাবর থানাধীন রিংরোড আজমেরী লাইন এলাকা থেকে ২ নং আসামী শাহিনুরকে এবং রাত ১০:৫ মিনিটে একই থানার রিংরোড শ্যামলী আল-মদিনা হোটেলের সামনে থেকে ১ নং আসামী মকবুল হোসেনকে গ্রেফতার করে। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামীদের আইনানুগ প্রক্রিয়া শেষে রাজশাহীর দুর্গাপুর থানায় হস্তান্তর করা হবে। র্যাব-৫ এর এক কর্মকর্তা জানান, "র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, খুনি ও অপরাধীদের গ্রেফতারে জোরালো ভূমিকা রেখে আসছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে। এদিকে এই গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

