০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০১:০৬:২১ পূর্বাহ্ন
এইচএসসির স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে কবে? জানা গেল সম্ভাব্য সময়
  • আপডেট করা হয়েছে : ০৮-০৭-২০২৬
এইচএসসির স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে কবে? জানা গেল সম্ভাব্য সময়

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন তারিখ এখনো নির্ধারণ না হলেও, সব নির্ধারিত পরীক্ষা শেষ হওয়ার পর এ পরীক্ষা নেওয়া হতে পারে বলে জানা গেছে।


চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। তবে দেশের অন্য সব শিক্ষা বোর্ডে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।


মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত ১টার পর বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষর করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার ৮ জুলাইয়ের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।


তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলা ব্যতীত দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডে পরীক্ষা যথারীতি চলবে।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (প্রেষণ) অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, সদ্যই পরীক্ষা স্থগিত করা হয়েছে। এখনো নতুন তারিখ নির্ধারণ করা হয়নি। সাধারণত সব পরীক্ষা শেষ হলে স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হয়।


এ বিষয়ে সিদ্ধান্ত হলে জানিয়ে দেওয়া হবে।

আগামী শনিবার (১১ জুলাই) অনুষ্ঠেয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) পরীক্ষার বিষয়ে তিনি জানান, আমরা আবহাওয়া অফিসে কথা বলেছি। বৃহস্পতিবারের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে জেলা প্রশাসক, মন্ত্রণালয়সহ সবার সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।


শেয়ার করুন