দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর উৎসে কর কমানোর পদক্ষেপ নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করার সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর উৎসে কর কমানো হবে। মৌলিক কৃষি ও ভোগ্যপণ্য, যেমন- ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল, বীজসহ বিভিন্ন পণ্যের ওপর উৎসে করের হার ৫ শতাংশ, ২ শতাংশ, ১ শতাংশ হারে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব করছি।’
মন্ত্রী বলেন, ‘বিগত বছরগুলোতে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে যে নাভিশ্বাস উঠেছিল, তার বিপরীতে গণতান্ত্রিক সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এ পদক্ষেপ জনজীবনে স্বস্তি আনবে।’

