৩০ মে ২০২৬, শনিবার, ০৯:৫৫:২০ অপরাহ্ন
রাত্রিযাপনে এসে ধর্ষণের শিকার গৃহবধূ, হোটেল মালিক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ৩০-০৫-২০২৬
রাত্রিযাপনে এসে ধর্ষণের শিকার গৃহবধূ, হোটেল মালিক গ্রেপ্তার

কুড়িগ্রামের চিলমারীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে কবির মিয়া (৪৫) নামের আবাসিক হোটেল মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ মে) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।


পু‌লিশ ও ভুক্ত‌ভোগী সূত্রে জানা যায়, কুড়িগ্রামের উলিপুরের ঘুঘুমারীরচর এলাকার এক দম্পতি খালার বাড়ি সৈয়দপুর থেকে নিজ বাড়িতে ফেরার পথে গত ২৮ মে রাতে রমনা ফেরিঘাটে পৌঁছান। পরে সেখানে নৌকা না পেয়ে তারা রাত্রিযাপনের জন্য রমনা ঘাট এলাকার ‘হোটেল কলি’ নামের একটি আবাসিক হোটেলে ওঠেন। হোটেলে ওঠার পর ওই নারীর স্বামী তাদের আট মাস বয়সী সন্তানসহ স্ত্রীকে কক্ষে রেখে খাবার কিনতে থানাহাট বাজারে যান। পরে খাবার নিয়ে ফিরে দেখেন তার স্ত্রী কান্নাকাটি করছে।



পরে সে তাকে জানায় হোটেলের মালিক কবির মিয়া শিশুসন্তানের সামনেই তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে।


এ বিষয়ে হোটেল কর্তৃপক্ষকে জানানো হলেও তারা বিষয়টি এড়িয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীর স্বামী। পরদিন শুক্রবার দুপুরে ভুক্তভোগীর স্বামী স্থানীয় ইউপি সদস্য মো. রুকুনুজ্জামান স্বপনের সঙ্গে যোগাযোগ করেন। একপর্যায়ে ভুক্তভোগীর স্বামী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান।



খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় চিলমারী থানা পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগী নারী, তার স্বামী ও শিশুসন্তানকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে চিলমারী মডেল থানায় ধর্ষণ মামলা করেন।


চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন কুমার জানান, আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজ‌তে পাঠানো হয়েছে।


শেয়ার করুন