২৫ মে ২০২৬, সোমবার, ০১:৩০:০৯ অপরাহ্ন
টাঙ্গাইলে নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের পরিচয় মিলেছে
  • আপডেট করা হয়েছে : ২৫-০৫-২০২৬
টাঙ্গাইলে নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের পরিচয় মিলেছে

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সড়াতৈল এলাকায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের পরিচয় জানা গেছে। নিহতরা সকলেই পেশায় ধান কাটার শ্রমিক ছিলেন।


সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৬টার দিকে যমুনা সেতুর পূর্বপাড়ে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রডবোঝাই ট্রাকটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ভোররাতে ট্রাকটি কালিহাতীর সড়াতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়।


এদিকে, তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত নাম-পরিচয় পাওয়া না গেলেও নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এই ১৩ জনের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের রাজেন্দ্রবাটি ও চিকলাভোলা গ্রামে।


বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার জাহান সাথী।


ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহত বাকি দুইজনের বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। তারা সকলেই ধান কাটার কাজ শেষে দলবদ্ধভাবে বাড়ি ফিরছিলেন।


টাঙ্গাইল গোপালপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান জানান, নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। আর মালবাহী খোলা ট্রাকে যাত্রী নেয়া বন্ধে ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।


শেয়ার করুন