২৪ মে ২০২৬, রবিবার, ১২:৩৩:৩০ অপরাহ্ন
ট্রাম্প কি ইরানের সঙ্গে যুদ্ধে হেরে যাচ্ছেন
  • আপডেট করা হয়েছে : ২৪-০৫-২০২৬
ট্রাম্প কি ইরানের সঙ্গে যুদ্ধে হেরে যাচ্ছেন

ইরানের সঙ্গে যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই নিজেকে সফল ও জয়ী হিসেবে দাবি করে আসছেন। কিন্তু সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ঘুরে ফিরে এই প্রশ্নই আসছে যে, তিনি কি এই যুদ্ধে আসলেও জয়ী হয়েছেন নাকি হেরে যাচ্ছেন?


হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ নিয়ে আপস না করা এবং তাদের বহু শীর্ষ নেতা নিহত হওয়ার পরেও দেশের নেতৃত্বে সবার অবিচল অবস্থান ও এক্যের কারণে এই সন্দেহ ক্রমশ বাড়ছে যে, ট্রাম্প মার্কিন সামরিক বাহিনীর কৌশলগত সাফল্যগুলোকে এমন কোনো ফলাফলে রূপান্তরিত করতে পারবেন কি না, যাকে তিনি ইরানের বিরুদ্ধে ভূ-রাজনৈতিক বিজয় হিসেবে বিশ্বাসযোগ্য হিসেবে তুলে ধরতে পারেন।


 


কিছু বিশ্লেষকের মতে, তার বারবার করা পূর্ণ বিজয়ের দাবি অন্তঃসারশূন্য মনে হচ্ছে, কারণ দুই পক্ষই অনিশ্চিত কূটনীতি এবং হামলা পুনরায় শুরু করার হুমকির মধ্যে দোদুল্যমান, যা নিশ্চিতভাবেই এই অঞ্চলজুড়ে ইরানের পাল্টা প্রতিশোধের কারণ হবে।



ট্রাম্পের জন্য এখন এই ঝুঁকি তৈরি হয়েছে যে, এই সংঘাত থেকে যুক্তরাষ্ট্র ও তার উপসাগরীয় আরব মিত্ররা আরও ক্ষতিগ্রস্ত অবস্থায় বেরিয়ে আসবে। অন্যদিকে ইরান সামরিক ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হওয়ার পরেও আরও বেশি সুবিধা পেতে পারে, কারণ তারা দেখিয়েছে যে, তারা বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত করতে সক্ষম। তারা হরমুজ প্রণালিতে অবরোধ আরোপের কারণে সারাবিশ্বেই জ্বালানি সংকট তৈরি হয়েছে।



হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি সংকটের পাশাপাশি বৈশ্বিক সার সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সাধারণত বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ সার এই নৌপথ দিয়ে পরিবহন করা হয়। উপসাগরীয় দেশগুলো বিশ্বে ব্যবহৃত ইউরিয়ার ৪১ শতাংশ রপ্তানি করে। এছাড়া তারা অ্যামোনিয়া, ফসফেট শিলা ও সালফারেরও বড় অংশ সরবরাহ করে, যা কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান।


ট্রাম্প কি ইরান যুদ্ধে হেরে যাচ্ছেন?


চলতি বছরের ফেব্রুয়ারি থেকে নাইট্রোজেন ইউরিয়ার দাম প্রায় ৮০ শতাংশ বেড়েছে। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এত বেশি দাম আর দেখা যায়নি।


জাতিসংঘ সতর্ক করে বলেছে, এই সরবরাহ ব্যাহত অবস্থা চলতে থাকলে আরও প্রায় ৪ কোটি ৫০ লাখ মানুষ খাদ্য সংকটে পড়তে পারে। এতে বিশ্বজুড়ে খাদ্য ঘাটতির মুখে থাকা মানুষের সংখ্যা রেকর্ড ৩৬ কোটি ৩০ লাখে পৌঁছাতে পারে। যুক্তরাজ্য সতর্ক করেছে যে, ইরানের হরমুজ প্রণালি অবরোধ বৈশ্বিক খাদ্য সংকট তৈরি করতে পারে।


ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী কুপার বলেছেন, বিশ্ব ধীরে ধীরে একটি বড় সংকটের দিকে এগিয়ে যাচ্ছে, অথচ অনেকেই তা বুঝতে পারছে না। তিনি আহ্বান জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যেই সারবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে অবাধে চলাচলের সুযোগ দিতে হবে।



সংকট এখনো শেষ হয়নি এবং কিছু বিশেষজ্ঞ এই সম্ভাবনাও খোলা রেখেছেন যে, আলোচনা যদি ট্রাম্পের অনুকূলে যায়, তবে তিনি হয়তো এখনো সম্মানজনক কোনো পথ খুঁজে নিতে পারেন।


কিন্তু অন্যরা ট্রাম্পের জন্য যুদ্ধ-পরবর্তী এক ভয়াবহ পরিস্থিতির পূর্বাভাস দিচ্ছেন। রিপাবলিকান ও ডেমোক্র্যাট প্রশাসনের সাবেক মধ্যপ্রাচ্য বিষয়ক আলোচক অ্যারন ডেভিড মিলার বলেন, তিন মাস কেটে গেছে এবং মনে হচ্ছে যে এই যুদ্ধ ট্রাম্পের জন্য একটি স্বল্পমেয়াদী বিজয় হিসেবে পরিকল্পিত হয়েছিল কিন্তু তা একটি দীর্ঘমেয়াদী কৌশলগত ব্যর্থতায় পরিণত হচ্ছে।


ট্রাম্পের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ তিনি পরাজয় মেনে নিতে অভ্যস্ত নন এবং তিনি সব সময় তার বিরোধিদেরই পরাজিত বলে উল্লেখ করতে পছন্দ করেন। ইরান সংকটে তিনি নিজেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে এমন এক দ্বিতীয় সারির শক্তির বিরুদ্ধে লড়তে দেখছেন, যারা নিজেদের সুবিধাজনক অবস্থানে আছে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে।


শেয়ার করুন