২৩ মে ২০২৬, শনিবার, ০১:৩০:২৮ অপরাহ্ন
আইপিএলেও হ্যান্ডশেক বিতর্ক, হেডের সঙ্গে হাত মেলালেন ‘না’ কোহলি
  • আপডেট করা হয়েছে : ২৩-০৫-২০২৬
আইপিএলেও হ্যান্ডশেক বিতর্ক, হেডের সঙ্গে হাত মেলালেন ‘না’ কোহলি

এবার আইপিএলেও দেখা গেল হ্যান্ডশেক বিতর্ক। সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচে মাঠের উত্তেজনা গড়িয়েছে ম্যাচ শেষ হওয়ার পরও। সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটার ট্রাভিস হেডের সঙ্গে হাত মেলাতে দেখা যায়নি বিরাট কোহলিকে। হেড হাত বাড়িয়ে দিলেও প্রত্যাখ্যান করেন কোহলি। ম্যাচ শেষে এই ঘটনাই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


শুক্রবার হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৫৫ রানে হারায় সানরাইজার্স হায়দরাবাদ। তবে বড় জয় পেলেও পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানেই শেষ করেছে তারা।


ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা যখন নিয়ম অনুযায়ী একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন, তখন বিরাট কোহলিকে দেখা যায় সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স, অভিষেক শর্মা ও ঈশান কিষানের সঙ্গে হাত মেলাতে। তবে ঠিক সেই সময় ট্রাভিস হেডকে উপেক্ষা করে সামনে এগিয়ে যান তিনি।



মূল উত্তেজনার শুরু ট্রাভিস হেডের আউটকে ঘিরে। ২৬ রান করার পর রাসিখ সালাম দারের বলে আউট হন হেড। এরপর বিরাট কোহলিকে বেশ আগ্রাসী ভঙ্গিতে উদযাপন করতে দেখা যায়। সেই ঘটনার পর থেকেই মাঠে দুজনের মধ্যে কথার লড়াই চলতে থাকে।


রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রান তাড়ার সময়ও উত্তেজনা কমেনি। এক পর্যায়ে কোহলিকে ট্রাভিস হেডকে বল করার চ্যালেঞ্জ ছুড়ে দিতেও দেখা যায়। পরে ইনিংসের শেষ দিকে বল হাতে আনা হয় হেডকে এবং তিনি গুরুত্বপূর্ণ সময়ে বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদারের উইকেট তুলে নেন। পাতিদার ৩৯ বলে ৫৬ রান করেছিলেন।


ম্যাচের পর কোহলির এই আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই ঘটনাটিকে মাঠের প্রতিদ্বন্দ্বিতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে খেলোয়াড়সুলভ আচরণের পরিপন্থি বলেও মন্তব্য করছেন।


শেয়ার করুন