১৩ মে ২০২৬, বুধবার, ০৩:১১:৩০ পূর্বাহ্ন
নাহিদ রানার তাণ্ডবে উড়ে গেল পাকিস্তান, ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের
  • আপডেট করা হয়েছে : ১২-০৫-২০২৬
নাহিদ রানার তাণ্ডবে উড়ে গেল পাকিস্তান, ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের

মিরপুর টেস্টে নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে পাকিস্তানকে পাত্তাই দিলো না বাংলাদেশ। সফরকারীদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৩ রানে অলআউট করে ১০৪ রানের বড় জয় তুলে নিয়েছে টাইগাররা। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হাসান শান্ত বাহিনী।




পাকিস্তানের মাটিতে ২০২৪ সালে টেস্ট জিতে আসলেও এবারই প্রথম পাকিস্তানকে ঘরের মাঠে টেস্টে হারালো বাংলাদেশ। ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের ওই সিরিজে ২-০ ব্যবধানেই জিতেছিল বাংলাদেশ।



২৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই পাকিস্তানি ওপেনার ইমাম-উল হককে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। তার করা বলে কট বিহাইন্ড হন ইমাম। আউট হওয়ার আগে করেন ৫ বলে ২ রান। আরেক ওপেনার আজান আওয়াইস করেন ৩৩ বলে ১৫ রান। আর দলনেতা নেতা শান মাসুদের ব্যাট থেকে আসে মাত্র ২ রান।



৬৮ রানে তিন উইকেট হারিয়ে চাপেই পড়েছিল পাকিস্তান। চতুর্থ উইকেটে জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন আব্দুল্লাহ ফজল ও সালমান আগা। এই জুটিতে আসে ৫১ রান। ফিফটির দেখা পাওয়া ফজলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। ১১৩ বলে ১১টি চারের সাহায্যে ৬৬ রান করেন ফজল। পরের ওভারেই সালমান আগাকে পরাস্ত করেন তাসকিন আহমেদ। সালমান করেন ৩৯ বলে ২৬ রান।



এরপর সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান জুটি গড়ার চেষ্টা করেন। কিন্তু রিজওয়ান ১৫ রানে আর সৌদ শাকিল ব্যক্তিগত ২৬ রানে আউট হয়ে গেলে পাকিস্তানের পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। ১৬৩ রানে অল আউট হয় পাকিস্তান।



বাংলাদেশের হয়ে এই টেস্টে অভিষেক হওয়া নাহিদ রানা পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন। এছাড়া তাসকিন ও তাইজুল ২টি করে, আর বাকি উইকেটটি লাভ করেন মেহেদী হাসান মিরাজ।



এর আগে মিরপুর টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশের লিড ছিলো ১৭৯ রানের। গতকালের অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে দ্বিতীয় ইনিংসের পঞ্চম দিনে ব্যাট করতে নামেন দলীয় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৯ উইকেট হারিয়ে ২৪০ রানে দলের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন অধিনায়ক। যেখানে শান্ত ৮৭, মুশফিক ২২, লিটন দাস ১১, মেহেদি হাসান মিরাজ ২৪, তাইজুল ইসলাম ৩, তাসকিন আহমেদ ১১ রানে আউট হন। ৪ রানে অপরাজিত থাকেন এবাদত হোসেন। এ ছাড়া আগের দিন মাহমুদুল হাসান জয় ৫, সাদমান ইসলাম ১০ ও মুমিনুল হক ৫৬ রানে আউট হন। দ্বিতীয় ইনিংসে দলীয় লিড দাঁড়ায় ২৬৭ রান।



পাকিস্তানের হাসান আলি ও নোমান আলি ৩টি করে উইকেট, শাহিন আফ্রিদি ২টি ও মোহাম্মদ আব্বাস একটি উইকেট নেন। প্রথম ইনিংসে বাংলাদেশ ৪১৩ ও পাকিস্তান ৩৮৬ রান করেছিল।



এর আগের সিরিজে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজে হোয়াইট ওয়াস করেছিল বাংলাদেশ। সেই হিসেবে মিরপুর টেস্ট জয় করে পাকিস্তানের বিপক্ষে হ্যাট্রিক জয়ের স্বাদ নিলো টাইগাররা।



শেয়ার করুন