১১ মে ২০২৬, সোমবার, ০৯:২৫:৩৮ অপরাহ্ন
ফেনীতে ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের
  • আপডেট করা হয়েছে : ১১-০৫-২০২৬
ফেনীতে ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের

ফেনীর দাগনভূঞা উপজেলায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা গুলশান আরা বেগম লাকি (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাবা মোস্তফা ভূঞা (৫০) ও বোন মিথিলা মোস্তফা সাহারা (১৮)। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই হামলাকারী ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।



রোববার (১১ মে) রাত ৯ টার দিকে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামের মাতু মেস্তরি বাড়িতে এ ঘটনা ঘটে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত যুবক মোশাররফ হোসেন রাফি মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিন পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে ছুরি দিয়ে তার মা গুলশান আরা বেগম লাকি আক্তারের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন মা। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ সময় হামলায় আহত হন নিহতের স্বামী মোস্তফা ভূঞা এবং তাদের মেয়ে মিথিলা মোস্তফা সাহারা । তাদেরকে গুরুত্বর আহত অবস্থায় ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশকে খবর দিলে দ্রুত অভিযান চালিয়ে ঘাতক রাফিকে আটক করে থানায় নিয়ে যায়।


দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমান বলেন, ঘটনার খবর পেয়ে হামলাকারীকে আটক করি। প্রাথমিকভাবে জানা গেছে, সে মাদকাসক্ত ছিল এবং পারিবারিক বিরোধের জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।


শেয়ার করুন